আলেকসান্দার সেফেরিন
আলেকসান্দার সেফেরিন। সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেকসান্দার সেফেরিন বৃহস্পতিবার সংস্থাটির ৫৫টি সদস্যদেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, আগামী বছর তিনি শেষবারের মতো পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

Advertisement

উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, স্লোভেনিয়ার এই কর্মকর্তার ঘোষণাটি তার আগের সিদ্ধান্তের বিপরীত। এর আগে তিনি পুনর্নির্বাচনে না লড়ার কথা জানিয়েছিলেন। সদস্যদেশগুলোর কাছ থেকে ‘সর্বসম্মত’ সমর্থন পাওয়ার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

৫৮ বছর বয়সী সেফেরিন ২০১৬ সালে প্রথম উয়েফার সভাপতি নির্বাচিত হন। ফিফার দুর্নীতির ঘটনায় সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস) ফুটবল-সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়ার পর মিশেল প্লাতিনি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন সেফেরিন।

আগামী এপ্রিলে কাজাকস্তানে অনুষ্ঠিতব্য উয়েফার কংগ্রেসে শেষবারের মতো চার বছরের মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য লড়বেন তিনি।

বৃহস্পতিবার বার্লিনে অনুষ্ঠিত বৈঠকের পর সেফেরিন বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য সদস্যদেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরো বলেন, ‘গত কয়েক বছরে আমরা অসাধারণ সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং একটি দল হিসেবে সেগুলো মোকাবেলা করেছি। এখনো গুরুত্বপূর্ণ অনেক কাজ বাকি রয়েছে। তাই তাদের অনুরোধ আমি গ্রহণ করেছি।’

‘আমার লক্ষ্য আগের মতোই রয়েছে, ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, আমাদের খেলাকে আরো শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে প্রস্তুত রেখে যাওয়া।’

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাসে সংস্থাটির ৫৫টি সদস্যদেশের অ্যাসোসিয়েশন ‘সর্বসম্মতভাবে’ সেফেরিনকে পুনর্নির্বাচনে না লড়ার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। বাসস