
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ অধ্যায়ে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের দ্বৈরথে বছরের পর বছর একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও, মেসির এমন আবেগঘন মুহূর্তে পর্তুগিজ মহাতারকার বার্তায় ফুটে উঠেছে গভীর সম্মান।
বুধবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে মেসির বিদায়ী পোস্টের নিচে মন্তব্য করে রোনালদো লিখেছেন, ‘লিও, এত বছর ধরে তোমার দেশের হয়ে লড়াই করে গেছো ও এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।’
মেসি-রোনালদোর দ্বৈরথ আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত অধ্যায়। ক্লাব ফুটবল থেকে ব্যক্তিগত পুরস্কার—দুইজনের লড়াই নিয়ে বছরের পর বছর তৈরি হয়েছে অসংখ্য গল্প। বরাবরই প্রশ্ন উঠেছে কে সেরা?
এই প্রশ্নে বছরের পর বছর ফুটবলবিশ্ব বিভক্ত থাকলেও, দুইজনের পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি বরাবরই ছিল। মাঠের প্রতিদ্বন্দ্বিতার আড়ালে একে অপরের সামর্থ্যের প্রতি সম্মানও ছিল। রোনালদোর এই বার্তা যেন সেই সম্পর্কেরই আবেগঘন প্রকাশ।
প্রতিদ্বন্দ্বিতা শেষ হবে, ক্যারিয়ারও একদিন শেষ হবে। কিন্তু মেসি-রোনালদোর সেই যুগ এবং তাদের লড়াইয়ের গল্প ফুটবলে থেকে যাবে অনেক দিন। আর মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ পাতায় রোনালদোর এই শ্রদ্ধাঞ্জলিও হয়ে থাকল বিশেষ এক স্মৃতি। মেসির জন্য পরম পাওয়া।
অবশ্য কেবল রোনালদো নয়, মেসির বিদায়ে আবেগাপ্লুত হয়েছে গোটা ফুটবল বিশ্বই। বিদায়ী বার্তা দিয়েছেন নেইমার-সুয়ারেজ থেকে শুরু করে বর্তমান ও সাবেক তারাকারা। শুভকামনা জানিয়েছে বিভিন্ন ফুটবল ক্লাব ও সমর্থকগোষ্ঠীও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








