
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। এ ঘটনায় আলোচনায় বসছে সামরিক জোটটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
পোল্যান্ডের সরকার জানিয়েছে, গত শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউরোপের কয়েক হাজার সেনা যেখানে সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন, সেই এলাকার কাছে এ ঘটনাকে ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিযোগ করেছে ওয়ারশ।
ওয়ারশ সফররত রুটে পোলিশ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখবে ন্যাটো। একইসাথে নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করা হবে।
তিনি পোল্যান্ডের ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার অঙ্গীকারও করেন।
এর আগে শুক্রবার রুটে এ ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানান। তিনি একে ‘স্পষ্টতই বিপজ্জনক’ বলেও উল্লেখ করেন।
ন্যাটোর এক কর্মকর্তা এএফপিকে জানান, মিত্র দেশগুলোর মধ্যে নিয়মিত পরামর্শের অংশ হিসেবে আগামী সোমবার ব্রাসেলসে জোটটির প্রধান রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এ ঘটনা নিয়ে আলোচনা করবে।
পোলিশ রাষ্ট্রীয় বেতার জানায়, দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি ওই বৈঠকে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক শুক্রবার বলেন, পোল্যান্ডের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত এবং নজরদারির ব্যবস্থা আরো জোরদার করতে ন্যাটোর কাছে অনুরোধ জানাবে ওয়ারশ। রাশিয়া প্রায়ই পোল্যান্ড সীমান্তসংলগ্ন পশ্চিম ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) মনে করে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, পোল্যান্ডে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সামরিক মহড়ার সাথে সময় মিলিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বলতে ইউক্রেনের ইউরোপীয় সমর্থক দেশগুলোর এমন একটি জোটকে বোঝায়, যারা দেশটিতে শান্তিরক্ষী সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









