
ফিফা আসিয়ান কাপে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর গ্রুপ ‘এ’র তলানিতে নেমে গেছে হামজা চৌধুরীদের দল। ফলে প্রথম ম্যাচেই ফাইনালের পথ কঠিন হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।
গ্রুপ পর্বে বাংলাদেশের এখনো দুটি ম্যাচ বাকি। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। আর দুই গ্রুপের রানার্সআপ খেলবে ব্রোঞ্জ ফাইনালে।
ফাইনালের আশা ধরে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জন্য জয় খুবই গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে হারলে ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যাবে। তবে ব্রোঞ্জ ফাইনালে ওঠার সম্ভাবনা তখনো থাকবে।
সেক্ষেত্রে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফলের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচের ফল ও গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ১৮ ও ৩৮ মিনিটে দুই গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন আরিফ আইমান। বিরতির পর ৫২ মিনিটে বার্গসন দা সিলভা গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় মালয়েশিয়ার।
এই টুর্নামেন্টকে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সাফের আগে দলকে আরো গুছিয়ে নেয়াই আসরটিতে বাংলাদেশের অন্যতম লক্ষ্য।








