
চার দিনের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হবে ২০২৬-২৭ ঘরোয়া ক্রিকেট মৌসুম। এর অংশ হিসেবে ৭ অক্টোবর থেকে ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ শুরু হবে।
বিকেএসপি, পিকেএসপি, বসুন্ধরাসহ ঢাকার পাঁচটি ভেন্যুতে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আরো বেশি সংখ্যক খেলোয়াড়কে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া এবং জাতীয় দলের কাঠামোর বাইরে থাকা ও নিচের স্তরের লিগের খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি বাড়তি প্ল্যাটফর্ম তৈরি করাই এই চ্যাম্পিয়নশিপের লক্ষ্য।
জাতীয় দল ও প্রতিষ্ঠিত ঘরোয়া প্রতিযোগিতার বাইরে থাকা খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে সুযোগের কথা বিবেচনায় রেখে গত এপ্রিলে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ চালুর ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
জাতীয় দলের খেলোয়াড়রা নিয়মিতভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও এনসিএল-এর মতো একাধিক টুর্নামেন্টে অংশ নেন।
অন্যদিকে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলোয়াড়দের নিজ নিজ লিগের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ তুলনামূলকভাবে কম।
চার দিনের এনসিএল ২৮তম আসরের পূর্ণাঙ্গ সময়সূচি গত বুধবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আটটি বিভাগীয় দল নিয়ে এনসিএল ৩ অক্টোবর আটটি ভেন্যুতে শুরু হবে এবং প্রায় দুই মাস ধরে চলবে। ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এনসিএল-এর চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী রাউন্ডে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর মুখোমুখি হবে ঢাকার, একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা লড়বে বরিশালের বিপক্ষে।
এছাড়া, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম মুখোমুখি হবে রাজশাহীর। বাসস







