
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। আগামী ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটিকে নতুন অপারেটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর মধ্যরাত থেকে নতুন অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবালয়ের চবক শাখার সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের অনুমোদন দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিসিটি এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে ২৪ নভেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য অপারেটর নিয়োগ দেয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) সিসিটি পরিচালনার বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) দরপত্র কেনা এবং বৃহ্স্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। মাত্র দুই দিনের এ প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
এর মধ্যে সবচেয়ে কম ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
এছাড়া বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা দর প্রস্তাব করে।
সর্বনিম্ন দরদাতা এভারেস্ট পোর্ট সার্ভিসেসের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
অন্যদিকে, দরপত্রে অংশ নেয়া শামীম এন্টারপ্রাইজ ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্সের বিরুদ্ধে বাধ্যতামূলক ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানত জমা না দেয়া এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে।
উল্লেখ্য, ৪৫০ মিটার দৈর্ঘ্যের সিসিটি জেটিতে একই সময়ে দুইটি জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামা করা যায়। গত ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









