শিক্ষার্থী বিক্ষোভ, উত্তাল, আলবেনিয়া, পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ,
তিরানার কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ। দ্য গার্ডিয়ান

শিক্ষার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়ার রাজধানী তিরানা। সরকারের নীতি ও দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভে একপর্যায়ে পুলিশের সাথে তুমুল সংঘর্ষ বাঁধে এবং একটি সরকারি ভবনসহ দুটি ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Advertisement

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানায়, শিক্ষামন্ত্রণালয় ভবনে আগুন ধরিয়ে দেওয়াসহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাঁচ ভেঙে ফেললে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে অন্তত ২৩ জন পুলিশ সদস্যসহ ২৯ জন আহত হয়েছেন। পুলিশ এ পর্যন্ত ৩৫ জন বিক্ষোভকারীকে আটক করেছে।

সহিংস ঘটনার পর পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। তিনি স্পষ্ট জানান, আন্দোলন বা ক্ষোভ প্রকাশের বেলায় সংবিধান ও আইনের বাইরে যাওয়ার সুযোগ কারো নেই। বর্তমান প্রধানমন্ত্রী এডি রাম রাজনৈতিকভাবে বারবার বিজয়ী হলেও তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি এবং বিশ্ববিদ্যালয়ের বাজে পরিবেশ নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধছিল।

দেশটিতে গ্রীষ্মকাল থেকেই প্রধানমন্ত্রী এডি রামের উপকূলীয় অঞ্চলের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ চলছিল। কিন্তু সম্প্রতি সেই প্রতিবাদ শিক্ষা ব্যবস্থার নানা সংকট ও দুর্নীতির ইস্যুতে এক দফায় রূপ নেয়। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অতিরিক্ত পুলিশি সহিংসতার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে এবং সব পক্ষকে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে।