দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি
দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সংগৃহীত
ads

পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মহসীন মেহেদীর সাথে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন এ সঙ্গীতশিল্পী। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙনের খবর প্রকাশ্যে আসায় সঙ্গীতাঙ্গনে তৈরি হয়েছে আলোচনা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি তার স্বামী গীতিকার মহসিন মেহেদীর সাথে এ বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক সময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটল। দীর্ঘদিনের একসাথে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর, আমরা নিজেদের মতো করে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর সবাইকে অনুরোধ জানিয়ে ন্যান্সি আরো লেখেন, ‘যারা সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝার, সম্মান দেখানোর এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি জীবনের এই নতুন অধ্যায়টি শক্তি, মর্যাদা ও শান্তির সাথে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

জীবনের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করে পোস্টের শেষে এই গায়িকা লেখেন, ‘জীবন তার নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, আত্মসম্মান আর শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়টাকে বরণ করে নিতে চাই। সবসময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এটি ছিল এই সঙ্গীতশিল্পীর তৃতীয় বিয়ে। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।