
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দেয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় মহানগর ও জেলা ছাত্রদলের দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই মাসের জন্য তাদের পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তুলেছিলেন দুই পক্ষের নেতারা। পৃথক সংবাদ সম্মেলনে পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন তারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতার সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করল কেন্দ্রীয় ছাত্রদল।
বুধবার পৃথক সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত একে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটকের ঘটনায় মান্নাতের চাচাতো ভাই কৌশিক বাধা দেন। এ নিয়ে বিরোধের জেরে মান্নাত, কৌশিক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তরসহ ২০ থেকে ২৫ জন তার ও তার অনুসারীদের ওপর হামলা চালায়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। একইসাথে, মিলন নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অন্যদিকে, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত বলেন, ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তার চাচাতো ভাই কৌশিক এক ব্যক্তিকে মারধরের ঘটনায় বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এর প্রতিবাদ জানাতে গেলে, লিমন ও তার অনুসারীরা তাদের ওপর হামলা চালান। পরে তার বাসায়ও সশস্ত্র হামলা চালানো হয়। তিনি লিমনের বিরুদ্ধে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে, ঘটনার তদন্ত এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তরও মহানগর ছাত্রদল নেতা লিমন ও তার অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তাদের পক্ষ থেকে কোনো দোকানপাটে আগুন দেয়া হয়নি দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









