আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ। নয়া দিগন্ত
ads

দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর চকবাজার বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বলেন, ‘দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে।’

তিনি অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরো বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান।

সমাবেশ পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান খান মাসুম।