নাজনীন নাহার নীহা
পবিত্র ওমরাহ পালন করেছেন নাজনীন নাহার নীহা। ইনসেটের ছবিটি তার সাথের লোকটির সাথে নেপারে ঘুরতে গিয়ে তোলা। সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করেছেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। পবিত্র এ সফরেই ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন তিনি। মক্কায় মসজিদুল হারামে গিয়ে বিয়ের ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

Advertisement

রোববার (৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন নীহা। তাতে দেখা যায়, পবিত্র কাবার সামনে তাকে জড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দুজনেরই মুখ কাবার দিকে। ছবিটি তোলা হয়েছে পেছন থেকে। আরেকটি ছবিতে দুজনের হাত; একে-অপরের হাত ধরে আছেন। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরীফ।

ছবির সাথে বিয়ের ইঙ্গিত দিয়ে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সাথে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসাথে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’ নীহার এই বার্তা থেকে স্পষ্টই ইঙ্গিত পাওয়া যায় যে, তিনি বিয়ে করেছেন। 

Advertisement

আরো পড়ুন—দোয়া-ইবাদাত নিয়ে বিদ্রুপ : ভাইরাল সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত

নীহা সম্পর্কে আছেন, এ খবর পুরনো। জুন মাসেই তিনি সোশ্যাল মিডিয়ায় ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, একজনের সাথে তিনি সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে, তা স্পষ্ট করেননি নীহা। এবার অনেকটা স্পষ্ট হলো যে, তিনি বিয়ে করেছেন।

নীহার ওই ফেসবুক পোস্টের ক্যাপশনের একদম শেষে তিনি লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

এই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা। কিন্তু কার সাথে নতুন জীবন শুরু করলেন নীহা? তার নাম-পরিচয় অবশ্য প্রকাশ করেননি। আগে থেকে গুঞ্জন রয়েছে, এক পাকিস্তানি যুবকের সাথে নাকি নীহার সম্পর্ক। তবে সঙ্গীর পরিচয় নিয়ে এ পর্যন্ত নীরবতাই পালন করছেন অভিনেত্রী।