
হলিউডের বর্ষীয়ান অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ‘স্টার ট্রেক’ সিরিজের জ্যঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রের প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন তিনি। আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সাথে লড়াইয়ের পর ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসভবনে মারা গেছেন তিনি।
তার দীর্ঘদিনের মুখপাত্র কেলি বুশ নোভাক এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে মৃত্যুর খবর জানানো হয়।
বিবৃতিতে কেলি বুশ নোভাক বলেন, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সাথে লড়াইয়ের পর মারা গেছেন অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট।
প্যাট্রিক স্টুয়ার্টের স্মরণে ফুলের পরিবর্তে জনস হপকিনস আলঝেইমার ডিজিজ রিসার্চ সেন্টার ফান্ড এবং আলঝেইমার্স ফাউন্ডেশন অব আমেরিকার পরিচর্যাকারীদের সহায়তা তহবিলে অনুদান দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
স্ত্রী সঙ্গীতশিল্পী সানি ওজেল এবং প্রথম স্ত্রী অভিনেত্রী শিলা ফ্যালকনারের ঘরে জন্ম নেয়া ড্যানিয়েল ও সোফিয়া নামে দুই সন্তান রয়েছে এ অভিনেতার।
প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও ভক্তদের শ্রদ্ধা জানানো শুরু হয়।
‘এক্স-মেন’ চলচ্চিত্রে উলভারিন চরিত্রে অভিনয় করা হলিউড তারকা হিউ জ্যাকম্যান তাকে ‘অসাধারণ বন্ধু ও মানুষ’ হিসেবে স্মরণ করেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘আজ মঞ্চ ও পর্দার অন্যতম সেরাদের একজনকে হারালাম। আমার কাছে তিনি ছিলেন অসাধারণ বন্ধু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্যাট্রিক স্টুয়ার্ট, জীবনের প্রতিটি দিন আপনাকে মিস করব।’
‘এক্স-মেন’ চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওসও এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, অসাধারণ সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও মানবিকতার সাথে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন স্যার প্যাট্রিক। এক্স-মেন থেকে লোগান, এমনকি অ্যাভেঞ্জার্স: ডুমসডে— প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে চরিত্রটিকে স্মরণীয় করে তুলেছেন তিনি। তিনি ছিলেন অনন্য প্রতিভার অধিকারী, সহযোগিতাপূর্ণ মনোভাবের মানুষ এবং প্রকৃত ভদ্রলোক।
৬০ বছরের অভিনয়জীবন
মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে ছয় দশকের অভিনয়জীবনে অসংখ্য স্বীকৃতি পেয়েছেন প্যাট্রিক স্টুয়ার্ট। এর মধ্যে রয়েছে দু’টি লরেন্স অলিভিয়ে পুরস্কার ও একটি গ্র্যামি অ্যাওয়ার্ড। নাট্যশিল্পে অবদানের জন্য ২০১০ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।
মঞ্চনাটকে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৭১ সালে ‘আ মিডসামার নাইটস ড্রিম’ প্রযোজনায় ব্রডওয়েতে এবং ওয়েস্ট এন্ডে ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’ নাটকে অভিনয়।
১৯৬৭ সালে ‘করোনেশন স্ট্রিট’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে কাজের সুযোগ পান তিনি। পরে ‘ফল অব ঈগলস’, ‘আই, ক্লডিয়াস’ এবং ‘টিঙ্কার টেইলর সোলজার স্পাই’-এর নাটকে অভিনয় করেন।
প্যাট্রিক স্টুয়ার্টের সর্বশেষ চলচ্চিত্রে উপস্থিতি হবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








