পাকিস্তান, হুমায়ুন সাঈদ, নামাজ
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন সাঈদ। সংগৃহীত

নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং মানসিক প্রশান্তি দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন সাঈদ। নামাজে নিয়মিত হওয়ার পর আগের মতো অস্থিরতা ও অন্যদের ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতামূলক মনোভাব আর অনুভব করেন না তিনি। বরং নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে শিখেছেন।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডেইলি জংগ জানায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, জীবনের নানা অভিজ্ঞতা এবং সময়ের সাথে আধ্যাত্মিক চিন্তাভাবনায় আসা পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা জানান এ অভিনেতা।

হুমায়ুন সাঈদ পাকিস্তানের শোবিজ অঙ্গনের প্রথম সারির অভিনেতাদের একজন। প্রায় তিন দশক ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য অর্জন করেছেন।

সাক্ষাৎকারে নিজের জীবনের পরিবর্তনের কথা তুলে ধরে হুমায়ুন সাঈদ জানান, গত কয়েক বছর ধরে তিনিও অন্য পেশাজীবীদের মতো কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া ও সাফল্য অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন। তবে এখন তিনি নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। এরপর থেকে তার মানসিক অবস্থায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে।

অভিনেতার ভাষ্য, এখন কোনো বিষয় নিয়ে আগের মতো অস্থিরতা কাজ করে না। অন্যদের চেয়ে এগিয়ে যাওয়ার তাড়নাও আগের মতো অনুভব করেন না তিনি। বরং নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট রয়েছেন এবং পরিস্থিতিকে হাসিমুখে মেনে নিতে শিখেছেন।

হুমায়ুন সাঈদের মতে, নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস তার জীবনে অসাধারণ মানসিক প্রশান্তি ও ইতিবাচক পরিবর্তন এনেছে। নামাজ তাকে আরো শান্ত ও সন্তুষ্টভাবে জীবনযাপন করতে সহায়তা করছে। কাজ ও সাফল্যের পেছনে ছুটে চলার পাশাপাশি নিজের ভেতরের প্রশান্তি খুঁজে পাওয়ার অভিজ্ঞতাও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : ডেইলি জংগ