রাষ্ট্রদ্রোহী, বিরুদ্ধে, কঠোর, পদক্ষেপ,
রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। নয়া দিগন্ত
ads

ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবহারের সময় কোনো নিয়ম মানত না। এই সুযোগে পুলিশের অসৎ সদস্যরাও ঘুষ, দুর্নীতি ও অনিয়মে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েন। একটি শৃঙ্খলিত বাহিনী লাগাম ছাড়া হলে বিস্তৃত পরিসরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে। ফ্যাসিস্ট হাসিনা আমলে পুলিশ বাহিনীতে এমনটি ঘটেছে। ফ্যাসিস্টের পতনের পরও পুলিশের কিছু সদস্য এখনো ফ্যাসিবাদী সরকার পছন্দ করছেন। পুলিশের বিভিন্ন পর্যায়ের কিছু সদস্যের আচরণে তার লক্ষণ স্পষ্ট। ইতোমধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বর্তমান সরকার চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। 

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে পুলিশ বিভাগ সম্পর্কে অবমাননাকর মনোভাব প্রকাশ করেন তিনি। বলতে চান যে, পুলিশ দুর্বল অবস্থায় আছে। কোনো ধরনের আন্দোলন সংগ্রাম মোকাবেলার শক্তি নেই। দণ্ডিত পলাতক হাসিনা দেশে প্রবেশ করলে পরিস্থিতি পাল্টে যাবে। ঘুষের বিনিময়ে পদায়ন এবং নানা অনিয়মের কথাও ওই ফোনালাপে বলেন তিনি। রাকিবুলকে পরে রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে। তবে তার বেপরোয়া কথাবার্তায় পুলিশের ভেতরের একটি শ্রেণীর মনোভাব প্রকাশ হয়েছে। 

ইতোমধ্যে আরো তিন পুলিশ কর্মকর্তাকে সরকার গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার আবুল হাসানের গোপালগঞ্জে থানা পোড়ানোর ষড়যন্ত্রের সাথে সম্পর্ক থাকার খবর পাওয়া যাচ্ছে। বাহিনীর মধ্যে সুরক্ষিত থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। পুলিশের ভেতরে থেকে ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে যুক্ত থাকার অভিযোগে আরেক কর্মকর্তা জাহাঙ্গীর আলমকেও গ্রেফতার করা হয়েছে। তিনি সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতার বার্তা আদান-প্রদান করছিলেন। ফাঁস হওয়া বার্তায় দেখা যায়, তিনি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি অনুগত। তার বাবাও একই গোষ্ঠীর সাহায্যকারী ছিলেন বলে তিনি মোবাইল বার্তায় তাদের জানাচ্ছেন। পুলিশের ভেতরে থেকে অবলীলায় তারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করছিলেন। কোনো ধরনের ভয় কাজ করছে না। 

গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দলের নেতাদের সাথে যোগাযোগ করার পরিণতি নিয়ে তারা মোটেও শঙ্কিত নন। এ থেকে সহজে অনুমেয়, বাংলাদেশের নিরাপত্তা কতটা দুর্বল অবস্থায় আছে। পুলিশের বাইরেও দেশের নিরাপত্তা কাঠামোয় অন্যান্য বাহিনীর সদস্যরাও আছেন। এর আগে সামরিক বাহিনীর এক কর্মকর্তা আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন। তিনিও বাহিনীতে কর্তব্যরত অবস্থায় রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড করছিলেন। মোটকথা, দেশের নিরাপত্তা কাঠামোর মধ্যে বড় ধরনের দুর্বলতা থেকে যাওয়ার লক্ষণ প্রকাশ করছে।

সরকারের পক্ষ থেকে পুলিশের মধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হচ্ছে। প্রকৃতপক্ষে প্রশাসনের ভেতরে থেকে যারা গুরুতর অপরাধ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই। ড. মুহাম্মদ ইউনূসের সময় থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দুর্বলতা লক্ষ করা গেছে। আশঙ্কার বিষয়— এ দুর্বলতা কাজে লাগিয়ে শত্রুরা বড় ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তাই পুলিশসহ পুরো নিরাপত্তাকাঠামো নিয়ে সরকারের নিবিড় পর্যবেক্ষণ দরকার। রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা প্রয়োজন।