
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বাস্তবায়নে তার অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আহমেদ আজম খান।
তিনি বলেন, ভাসানীর অনুসারীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। তারা ঐক্যবদ্ধ না হলে তার আদর্শ বাস্তবায়নের আন্দোলন এগিয়ে নেয়া কঠিন হবে।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ মিলনায়তনে আয়োজিত ‘মওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম : সাংস্কৃতিক পরাধীনতা ও অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তির উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটি এ সেমিনারের আয়োজন করে।
আহমেদ আজম খান বলেন, মওলানা ভাসানী তার অনুসারীদের ওপর অনেক দায়িত্ব ও কর্তব্য রেখে গেছেন। তার চিন্তা-চেতনা ও বাংলাদেশকে নিয়ে স্বপ্ন বাস্তবায়নে অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। একইসাথে গণতন্ত্রকে বারবার নির্বাসনে পাঠিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে দেশ সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। স্বাধীনতার পর ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে অর্থনীতি পুনর্গঠনের উদ্যোগ এবং ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর অর্থনৈতিক অগ্রযাত্রার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ২০০৭ সালের পর দীর্ঘ ১৮ বছরে দেশ সাংস্কৃতিক পরাধীনতা ও অর্থনৈতিক দুর্বলতার মধ্যে পড়েছে। আকাশ সংস্কৃতির প্রভাব দেশের নিজস্ব সংস্কৃতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সময়ে ব্যাংকিং ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
আহমেদ আজম খান আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আবার নতুন করে যাত্রা শুরু করেছে। একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার এই যাত্রা বাধাগ্রস্ত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন। বিশেষ করে তৈরি পোশাকশিল্পসহ রফতানি খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, যারা দেশকে আবার অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মওলানা ভাসানীর অনুসারীদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









