আমীর হামযা
আমীর হামযা। নয়া দিগন্ত

কোনো পণ্যের বাজার লাগামহীন হয়ে পড়লে তা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আর এ ক্ষেত্রে নিত্যপণ্য হলে তো কথাই নেই। তবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে সেই নিয়ন্ত্রণের অভাব স্পষ্ট। বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রি এবং সরবরাহব্যবস্থায় নৈরাজ্য— সবমিলিয়ে ভোক্তাদের প্রাণ ওষ্ঠাগত। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কতটা কার্যকর ভূমিকা পালন করছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মাত্র ২৯ দিনের ব্যবধানে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শেষ পর্যন্ত কার স্বার্থ রক্ষা করছে?
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এলপিজির গ্রাহক প্রায় এক কোটি। এর প্রায় ৮০ শতাংশ ব্যবহৃত হয় রান্নার কাজে, বাকিটা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। শহরের পাশাপাশি গ্রামের অসংখ্য পরিবারও এখন রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল। রান্নায় ব্যবহৃত এলপিজির গ্রাহক পরিবারের প্রতিটিতে গড়ে চারজন সদস্য ধরলে অন্তত তিন কোটি ২০ লাখ মানুষের সরাসরি এর মূল্যবৃদ্ধির আঁচ লাগে। ফলে এপিজির দাম বেড়ে যাওয়া মানে শুধু একটি পণ্যের মূল্যবৃদ্ধি নয়; বিপুলসংখ্যক মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া।
দেশে এলপিজির মোট চাহিদার মাত্র ১ শতাংশ সরকারি খাত পূরণ করে। বাকি ৯৯ শতাংশ আসে বেসরকারি খাত থেকে। এর মধ্যে মাত্র সাতটি বড় কোম্পানি প্রায় ৮৬ শতাংশ বাজার নিয়ন্ত্রণ করে। ফলে বাজারে প্রতিযোগিতার ঘাটতি ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মূল্যব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে।
বিইআরসি গত ২ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে। এর আগে ৪ অক্টোবর একই পরিমাণ সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ২১২ টাকা। অর্থাৎ, মাত্র এক মাসের ব্যবধানে দুই দফায় দাম বেড়েছে ৪৩৫ টাকা। অথচ নতুন মূল্য নির্ধারণের পরও ভোক্তাদের সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। অর্থাৎ, মূল্যবৃদ্ধির পরও নির্ধারিত দামে পণ্য না পাওয়ায় পুরনো সঙ্কটের কোনো সমাধান হয়নি।
এলপিজির দাম বাড়ানোর পক্ষে সরকারের যুক্তি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  তিনি বলেছেন, ‘জ্বালানির দাম বাড়ানো হয়েছে দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করেই’। (৩ নভেম্বর,২০২৬, ডেইলি স্টার বাংলা) 
তার ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান বিশ্বপরিস্থিতিতে জ্বালানি খাত অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দাম না বাড়ালে ঋণ করে কিংবা টাকা ছাপিয়ে ভর্তুকি দিতে হবে, যার পরিণতি নিয়েও সরকারকে ভাবতে হচ্ছে। তিনি আরো জানান, চলতি বছরে জ্বালানি খাতে ভর্তুকির জন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও আড়াই মাসে এর অর্ধেক ব্যয় করতে হয়েছে। অতীতের সরকারের সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি বলেও তার দাবি।
অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানির মূল্যবৃদ্ধির সমালোচনায় নিজের সক্রিয় ভূমিকার প্রসঙ্গ সাংবাদিকরা তুলে ধরলে জাহেদ উর রহমান বলেন, সে সময় যে পরিস্থিতিতে দাম বাড়ানো হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার সাথে তুলনীয় নয়। তার বক্তব্য, বিএনপি সরকার কোন পরিস্থিতিতে ও কেন জ্বালানির দাম বাড়াতে বাধ্য হচ্ছে, তা স্পষ্ট; এখানে লুকোচুরির কিছু নেই।
কিন্তু এ ব্যাখ্যার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা যদি মূল্যবৃদ্ধির প্রধান কারণ হয়, তাহলে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজির দাম এত বেশি কেন? বিভিন্ন দেশের মূল্যতথ্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ভর্তুকি ছাড়া প্রায় এক হাজার ৭২ টাকা, পাকিস্তানে এক হাজার ৫৮৩ টাকা, নেপালে এক হাজার ৪২৬ টাকা এবং শ্রীলঙ্কায় এক হাজার ৫৬৭ টাকা। ভারতে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য প্রতি সিলিন্ডারে ৩০০ রুপি ভর্তুকির ব্যবস্থাও আছে, যা একজন গ্রাহক বছরে সর্বোচ্চ চারবার নিতে পারেন।
অন্য দিকে বাংলাদেশে একই পরিমাণ এলপিজি কিনতে তুলনামূলকভাবে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। আমদানি ও পরিবহন ব্যয়কে এর অন্যতম কারণ হিসেবে দেখানো হয়। বিইআরসির নভেম্বরের মূল্য নির্ধারণে প্রতি টন এলপিজির পরিবহন ব্যয় ও আমদানিকারকের প্রিমিয়াম বাবদ ২৫০ ডলার বিবেচনায় নেয়া হয়েছে। তবে এসব ব্যয়ের যৌক্তিকতা, স্বচ্ছতা এবং বিভিন্ন পর্যায়ে মুনাফার হিসাব কতটা যথাযথভাবে যাচাই করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
এলপিজির মূল্যকাঠামোর এ ব্যবধান প্রমাণ করে, শুধু আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কথা বলে দেশের উচ্চমূল্যের পুরো ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। আমদানি ও পরিবহন ব্যয়ের পাশাপাশি বিপণনব্যবস্থার দুর্বলতা, অতিরিক্ত মুনাফার প্রবণতা এবং বাজার তদারকির ঘাটতিও খতিয়ে দেখা জরুরি।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলমের অভিযোগ, বিইআরসি মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদের স্বার্থকে গুরুত্ব দিয়েছে; কিন্তু ভোক্তার ওপর মূল্যবৃদ্ধির অভিঘাত যথাযথভাবে বিবেচনা করেনি। তার মতে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের ভোক্তারা সেই সুফল পান না; অথচ দাম বাড়ার সাথে সাথেই দেশে মূল্যবৃদ্ধির ঘোষণা আসে। সরকার নির্ধারিত দামও অনেক ক্ষেত্রে কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে। বিইআরসি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের যথাযথ তদারকি না থাকায় আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি চক্র নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ আদায়ের সুযোগ পাচ্ছে।
দেশের এলপিজি বাজারব্যবস্থা নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা ফেলো মুনতাসির মুর্শেদ। তার মতে, আমদানি ব্যয়ের পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা ও তদারকির অভাব এলপিজির দাম বেশি হওয়ার অন্যতম কারণ। আমদানিকারক থেকে শুরু করে পরিবেশক ও খুচরা বিক্রেতা— প্রতিটি পর্যায়ে অতিরিক্ত মুনাফার প্রবণতা আছে। খুচরা বিক্রেতারা ডিলারের কাছ থেকে বেশি দামে পণ্য কিনছেন। আবার ডিলাররাও খুচরা পর্যায়ে কী দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে, তা কার্যকরভাবে তদারক করেন না। সরবরাহ সঙ্কটের অজুহাতে অতিরিক্ত দাম নেয়ার প্রবণতাও আছে। অথচ এই পুরো সরবরাহব্যবস্থার ওপর নজরদারির জন্য কার্যকর বিশেষ টাস্কফোর্স বা পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা নেই।
অবকাঠামোগত দুর্বলতাও সঙ্কটকে দীর্ঘায়িত করছে। প্রতিবেশী দেশগুলোতে এলপিজি সংরক্ষণ, পরিবহন ও বিপণনে তুলনামূলক উন্নত অবকাঠামো গড়ে উঠেছে। বাংলাদেশে সেই সক্ষমতার ঘাটতি থাকায় পরিবহনসহ বিভিন্ন পর্যায়ে ব্যয় বেড়ে যায়। তবে এ ব্যয়ের অজুহাতে ভোক্তার ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেয়ার সুযোগ থাকা উচিত নয়।
প্রতিবেশী দেশগুলোর মূল্যব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগেরও ভূমিকা আছে। কোথাও সরকারি ভর্তুকি, কোথাও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে বিপণন এবং কোথাও দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি ও বৃহৎ পরিসরে আমদানির সুবিধা কাজে লাগিয়ে দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। ভারতের গৃহস্থালি এলপিজিতে জিএসটি ৫ শতাংশ। পাকিস্তানে বিক্রয়কর ১৮ শতাংশ হলেও দেশটির জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওজিআরএ) সরকারি-বেসরকারি সব বিপণনকারীর জন্য সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণ করে। সেখানে স্থানীয় উৎপাদন, গ্যাসের সংগ্রহ মূল্য এবং আমদানি ও বিপণন ব্যয়ের পার্থক্যও মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
বাংলাদেশের এলপিজি বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো করব্যবস্থা। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করে আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। অথচ করের হার একা কোনো পণ্যের চূড়ান্ত মূল্য নির্ধারণ করে না। উৎপাদন, আমদানি, সরবরাহ, পরিবহন, বিপণন ও মুনাফা— প্রতিটি স্তরের ব্যয় পর্যালোচনা করে মূল্যকাঠামোর যৌক্তিকতা নির্ধারণ করতে হবে।
এ প্রসঙ্গে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সভাপতি ও ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক মনে করেন, দীর্ঘমেয়াদি চুক্তিতে সরবরাহ নিশ্চিত করা এবং বেশি পরিমাণে আমদানির সুযোগ কাজে লাগাতে পারলে প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশেও কম দামে এলপিজি সরবরাহ সম্ভব।
দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। এ সময়ে মজুরি ও আয় মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে না বাড়ায় অধিকাংশ পরিবারের প্রকৃত আয় কমেছে। দারিদ্র্যও উদ্বেগজনক হারে বাড়ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত এবং ইরান ঘিরে যুদ্ধ পরিস্থিতি আমদানিনির্ভর বাংলাদেশের জ্বালানি সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে; কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির চাপ থাকলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি থাকার বিষয়টি দেশের জ্বালানিনীতি ও বাজারব্যবস্থাপনার দুর্বলতা সামনে নিয়ে আসে।
পাইপলাইনে গ্যাসের সঙ্কট ও নতুন সংযোগের দীর্ঘসূত্রতায় শহরের বস্তি, মেস, ছোট ভাড়াবাসা থেকে শুরু করে গ্রামাঞ্চলের বহু পরিবার রান্নায় সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল। ফলে এলপিজির মূল্যবৃদ্ধি তাদের দৈনন্দিন বাজেটে সরাসরি আঘাত হানছে। একটি পরিবারের আয়ের উল্লেখযোগ্য অংশ যদি শুধু রান্নার গ্যাস কিনতে ব্যয় হয়, তাহলে বাড়িভাড়া, সন্তানের শিক্ষা, চিকিৎসা কিংবা অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। চাল, ডাল, তেল ও শাকসবজির উচ্চমূল্যের সাথে রান্নার জ্বালানির বাড়তি ব্যয় যুক্ত হওয়ায় নিম্ন ও মধ্যবিত্তের জীবনসংগ্রাম আরো কঠিন হয়ে উঠছে।
এ পরিস্থিতিতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব শুধু আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে মূল্য সমন্বয় করা নয়; বরং ভোক্তার ক্রয়ক্ষমতা, বাজারের বাস্তবতা এবং সরবরাহব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাও। এ জন্য কয়েকটি পদক্ষেপ নেয়া প্রয়োজন।
প্রথমত, বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকর করা। আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়ে নিয়মিত তদারকি জোরদার করা, যাতে কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে বা সরবরাহের অজুহাতে অতিরিক্ত দাম আদায় করতে না পারেন। দ্বিতীয়ত, এলপিজির আমদানি, পরিবহন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি স্তরের ব্যয় ও মুনাফার হিসাব স্বচ্ছ করা। তৃতীয়ত, বাজারে প্রতিযোগিতা বাড়াতে নতুন বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি করা, যাতে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের ওপর বাজারের অতিরিক্ত নিয়ন্ত্রণ নির্ভরশীল না থাকে। চতুর্থত, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ভর্তুকি মূল্যে কিংবা রেশনিং-ব্যবস্থায় এলপিজি সরবরাহের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ভারতের মতো লক্ষ্যভিত্তিক ভর্তুকি কর্মসূচি এ ক্ষেত্রে একটি উদাহরণ হতে পারে।
জ্বালানি কোনো বিলাসদ্রব্য নয়; এটি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপকরণ। তাই জ্বালানির মূল্য নির্ধারণে ব্যবসায়িক স্বার্থের পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও সামাজিক বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকার যদি ভোক্তার স্বার্থ রক্ষা, বাজারে প্রতিযোগিতা নিশ্চিত এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে এলপিজির মূল্যবৃদ্ধি শুধু পারিবারিক ব্যয় বাড়াবে না; বরং মূল্যস্ফীতি, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যও আরো গভীর করবে।
এখন প্রশ্ন একটাই— এলপিজির বাজারে নিয়ন্ত্রণহীনতা আর মূল্যবৃদ্ধির এ দায় কার? রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার, নাকি মুষ্টিমেয় ব্যবসায়ীর? সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে কার স্বার্থ রক্ষা করা হচ্ছে? সময় এসেছে এসব প্রশ্নের স্বচ্ছ উত্তর ও জবাবদিহি করা। স্বল্প ও সীমিত আয়ের মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এলপিজির বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 
লেখক : সহকারী সম্পাদক, নয়া দিগন্ত
camirhamza@.yahoo.com

Advertisement