সম্পাদকীয়
সম্পাদকীয় লোগো। নয়া দিগন্ত

সম্প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় দুই দেশের যৌথ ঘোষণায় উঠে আসে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে জাপানের বে-অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনিশিয়েটিভ বা বিগ-বি প্রকল্পের প্রসঙ্গ। এটি কক্সবাজার ও চট্টগ্রাম ঘিরে জাপানের একটি অর্থনৈতিক বিনিয়োগ পরিকল্পনা। 
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে শিল্পাঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে জাপান, যেখানে পণ্য সরবরাহে সার্বিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হবে। ২০১৭ সাল থেকে কাজ শুরু হয়েছে। এর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র্র হয়েছে। সৌর বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে। এরপর হবে এলএনজি টার্মিনাল ও শিল্পাঞ্চল। প্রয়োজনীয় বিনিয়োগ আসবে জাপানি ঋণে। প্রশ্ন উঠেছে— বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে প্রকল্পটি বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে? তবে অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম গণমাধ্যমকে বলেছেন, এই প্রকল্পে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে বাংলাদেশের।
জাপান-বাংলাদেশ যৌথ ঘোষণায় গুরুত্ব দেয়া হয়েছে আঞ্চলিক কানেক্টিভিটি তৈরির ওপর। এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে যে, আঞ্চলিক কানেক্টিভিটির নামে ভারতকে সুবিধা দেয়া হচ্ছে কি না। ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তারা আঞ্চলিক কানেক্টিভিটির প্রক্রিয়ায় বাংলাদেশের কার্যকর নিয়ন্ত্রণ থাকবে কি না তা নিয়ে সন্দিহান। 
জাতীয় প্রেস ক্লাবে গত রোববার ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর : ভূরাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল সংলাপে নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ হাসান নাসির বলেন, ভারত কোন বন্দর থেকে সুবিধা পাচ্ছে— সেটি প্রশ্ন নয়, প্রশ্ন হলো, বাংলাদেশ সার্বভৌম নিয়ন্ত্রণ ও কৌশলগত স্বাধীনতা বজায় রেখে সমানুপাতিক সুবিধা নিশ্চিত করতে পারবে কি না। এর বাইরে সংসদের বিরোধী দলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ বিষয়ে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলেছে। 
প্রধানমন্ত্রীর জাপান সফরের যৌথ ঘোষণায় বিগ-বি নিয়ে সরাসরি ভারত বা অন্য কোনো দেশের নাম উল্লেখ নেই; কিন্তু ঘোষণায় কানেক্টিভিটি প্রসঙ্গ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে মাতারবাড়ীকে গড়ে তোলার যে কথা বলা হয়েছে, তা থেকে ধরে নেয়া হচ্ছে, এ প্রকল্প শুধু বাংলাদেশের জন্য নয়। এখানে প্রতিবেশী দেশগুলো বিশেষত ভারত প্রাসঙ্গিক। বিষয়টি আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যথেষ্ট স্পর্শকারতর ইস্যু। 
বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক-সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে, মাতারবাড়ী ঘিরে ঠিক কী ধরনের চুক্তি বা সমঝোতা হচ্ছে, তার বিস্তারিত জনগণের কাছে পরিষ্কার করা উচিত। সংসদের বিরোধী দল প্রশ্ন তুলেছে, মাতারবাড়ী প্রকল্পে কৌশলে ভারতকে কানেক্টিভিটি দেয়া হচ্ছে কি না। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারো কাছে ইজারা দেয়া চলবে না। 
সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন, বিগ-বি’র অর্থনৈতিক মডেল চমৎকার। তবে ভারতের মতো দেশকে সুবিধা দিতে হলে আগে দেশে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া এটি বাস্তবায়ন হবে না।
আমরা মনে করি, যেকোনো বড় প্রকল্পে জাতীয় স্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এটি নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই ক্ষমতাসীন সরকারের।

Advertisement