সম্পাদকীয়
সম্পাদকীয় লোগো। নয়া দিগন্ত

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। জনশক্তি রফতানির শুরু থেকে এ অবস্থান বজায় আছে। সর্বশেষ ২০২৫ সালেও সাত লাখ ৫২ হাজার বাংলাদেশী শ্রমিক সৌদি আরব গেছেন। এ বছর বিদেশগামী কর্মীর ৬৭ শতাংশ দেশটিতে গেছেন। সবচেয়ে বেশি প্রবাসী আয়ও আসে উল্লিখিত দেশটি থেকে। জনশক্তি রফতানির সর্ববৃহৎ বাজারটি ধরে রাখতে যে ধরনের গুরুত্ব ও সতর্কতা দরকার তা অনুপস্থিত। ফলে বাংলাদেশী শ্রমিকরা প্রতিনিয়ত সেখানে বঞ্চনার শিকার হচ্ছেন। আইনি নানা জটিলতায় পড়ে সাম্প্রতিক সময়ে গড়ে সপ্তাহে ৫০০ বাংলাদেশী সৌদি আরব থেকে ফেরত আসছেন।
নয়া দিগন্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনে এক সপ্তাহে ৪১ হাজার বিদেশী নাগরিকের বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশী। দেশটির অভিবাসন ও শ্রম আইনে পরিবর্তন এসেছে। সরকার এর কঠোর প্রয়োগ করছে। বিপরীতে বাংলাদেশী শ্রমিকরা যে সতর্কবার্তা পাওয়ার কথা, তা তারা সময়মতো পাননি।
সৌদি আরবে বৈধভাবে বসবাস কিংবা শ্রমিক হিসেবে কাজ করতে আকামার প্রয়োজন হয়। এটি কর্মীর অবস্থান, নিয়োগকর্তা এবং কর্মসংস্থানের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি। চাকরি ও নিয়োগকর্তা পরিবর্তন এবং প্রতিষ্ঠানের অধীনে কর্মীর অবস্থান বদলাতে দেশটিতে কঠোর বিধি অনুসরণ করা হয়। 
এ দিকে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোয় নানা ধরনের প্রতারণা করা হয়। এক দিকে দেশীয় আদম ব্যাপারী, অন্য দিকে সৌদি আরবের নাগরিকরা যারা শ্রমিক রফতানির সাথে জড়িত; তারা নিয়ম-কানুনের ব্যত্যয় ঘটান। কর্মীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠানো হয়। সে দেশে গিয়ে দেখা যায়, প্রতিশ্রুত কাজ দেয়া হয়নি। কিংবা আদৌ কোনো কাজ তার জন্য নেই। এ দিকে কফিল বা জিম্মাদার আকামা আটকে রাখেন। তাকে অসহায় করে অবৈধভাবে অর্থ কামান। চুক্তি ভঙ্গ করেন। বেতন আটকে দেন। 
সৌদি আরবে যাওয়া শ্রমিকদের একটি অংশ নিয়মিত এ জটিলতায় পড়েন। এ প্রক্রিয়ায় অনেকে সে দেশে অবৈধ অভিবাসী হিসেবে আটকা পড়েন। পালিয়ে এক দুঃসহ জীবনযাপন করতে হয় তাদের। এর সাথে কঠোর অভিবাসন আইনের প্রয়োগে বাংলাদেশীদের একটি অংশ দিশেহারা। তাদের কারো জায়গা হয় কারাগারে। দেশটির কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশী আছেন। অন্যরা বাধ্য হচ্ছেন দেশে ফিরে আসতে। ফিরে আসার কাজটিও সহজ নয়। চাইলেই ফেরা যায় না। ফলে বৈদেশিক মুদ্রা আহরণের বদলে গচ্চা দিয়ে সর্বস্ব হারান।  
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের স্বার্থ রক্ষায় দুই ধরনের উদ্যোগ দরকার। দেশীয় রিক্রুটিং এজেন্সিগুলো যাতে জালিয়াতি করতে না পারে, তা নিশ্চিত করা। অর্থাৎ— আদম ব্যাপারীদের জবাবদিহির আওতায় আনা। জালিয়াতি করে যেন তারা পার না পায়। অন্য দিকে সৌদি আরবে থাকা প্রবাসীদের নানা আইনি জটিলতা নিরসনে দূতাবাসকে সক্রিয় হতে হবে। কফিলরা যাতে অন্যায় সুবিধা নিতে না পারেন, সে দিকে খেয়াল রাখতে হবে। আটক ব্যক্তিদের মুক্তি, আকামা নবায়নের মতো কাজে সৌদি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।

Advertisement