
দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর উপযোগী করে তোলার লক্ষ্যে সংস্কার ও পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্টেডিয়ামটির ড্রইং ও ডিজাইনের জন্য ইতোমধ্যে কনসালটেন্ট ফার্ম নিয়োগ করা হয়েছে এবং আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে মাঠ পর্যায়ে দৃশ্যমান কাজ শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিসিবির একটি পরিদর্শন দল বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী বাসস’কে জানান, ‘১৭ বছর ধরে এই স্টেডিয়ামটি নানাভাবে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো আইসিসির গাইডলাইন অনুসরণ করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে নতুনভাবে গড়ে তোলা।’
বগুড়াবাসীর দীর্ঘদিনের হতাশা ও দৃশ্যমান অগ্রগতি প্রসঙ্গে আসিফ সিরাজ রব্বানী জানান, ‘উন্নয়ন কাজ টেকসই করতে হলে নির্দিষ্ট কিছু দাফতরিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কনসালটেন্ট ফার্ম নিয়োগের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তারা নকশা ও পরিকল্পনা চূড়ান্ত করার পর দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় গিয়ে আমরা দৃশ্যমান নির্মাণকাজে হাত দেব।’
সংস্কার কৌশলের বিষয়ে আসিফ সিরাজ রব্বানী বলেন, স্টেডিয়ামটি সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করতে অতিরিক্ত সময় লাগবে বিধায় এতে একটি ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করা হবে।
তিনি জানান, ‘পুরো স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ করতে অনেক সময় প্রয়োজন। তাই আমরা হাইব্রিড মডেলের মাধ্যমে কিছু সংস্কার এবং প্রয়োজনীয় অংশ পুনঃসংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছি।’
প্রকল্পের আর্থিক প্রাক্কলন ও বাজেট প্রসঙ্গে তিনি বলেন জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির যৌথ উদ্যোগে এই কাজ পরিচালিত হচ্ছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রিকেট বোর্ডের অর্থায়নে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। কনসালটেন্টদের তৈরি করা বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) পাওয়ার পরই কাজের মোট বাজেট ও খরচের বিষয়টি সুনির্দিষ্টভাবে জানা যাবে।’
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘মাঠের সংস্কার ও আধুনিকায়নের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সাথে বিসিবি সমন্বিতভাবে কাজ করছে। আন্তর্জাতিক মানের বিভিন্ন কার্যক্রম ও অনুশীলনের জন্য ভেন্যুতে যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলেছে।’
পরিদর্শনকালে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ছাড়াও বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিদল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কনসালটেন্ট ফার্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








