মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। নয়া দিগন্ত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য সিলেট শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ফল যাচাইয়ের জন্য মোট ৫১ হাজার ২৪৩টি আবেদন জমা দিয়েছেন। বিষয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি বিষয়ে, এরপর রয়েছে বাংলা।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন।

সিলেট বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৭৮৪টি। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে আবেদন পড়েছে পাঁচ হাজার ৭৩৮টি। একক পত্রের হিসাবে ইংরেজির পর সর্বাধিক আবেদন এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এ বিষয়ে আবেদন করেছেন পাঁচ হাজার ৫৪১ জন শিক্ষার্থী। অন্যদিকে গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে আবেদনের সংখ্যা তুলনামূলক কম।

বোর্ড সূত্র জানায়, একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকায় মোট আবেদনকারীর সংখ্যার চেয়ে বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

গত ১ নভেম্বর থেকে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় এ প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ১৫০ টাকা।

আবেদন গ্রহণ শেষ হওয়ায় এখন পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। বোর্ডের নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হলে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইলফোন নম্বরে এসএমএসের মাধ্যমে তা জানানো হবে। একইসাথে সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, এবার ১৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। একাধিক বিষয়ে আবেদনের সুযোগ থাকায় সব মিলিয়ে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪৩টি। ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি এবং বাংলা বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়েছে।