
বাংলাদেশ সরকার এবং রুশ ফেডারেশনের মধ্যে ‘বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের (আইজিসি) ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে।
আইজিসির কো-চেয়ার হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্যদিকে, রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল অ্যাজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।
সভায় উভয় পক্ষের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উভয় দেশের বিদ্যমান সহযোগিতাকে সম্প্রসারিত করার লক্ষ্যে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ও রুশ ফেডারেশনের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে ‘বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশন (আইজিসি)’ গঠিত হয়। আইজিসি গঠিত হওয়ার পর থেকে প্রটোকল অনুযায়ী এ পর্যন্ত চারটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এবারে ৫ম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়।
আইজিসি সভায় চলমান দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং উভয় পক্ষের সম্মতিতে স্বাক্ষরিত প্রটোকলের আলোকে ভবিষ্যতের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।
পঞ্চম আইজিসি সভায় অর্থনীতি, বাণিজ্য, শিল্প, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা এবং কারিগরি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করে।
রাশিয়ার পক্ষ থেকে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও আইসিটি, অর্থ ও ব্যাংকিং এবং সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কারিগরি ও বৈজ্ঞানিক সহযোগিতা, শিল্প ও বিনিয়োগ এবং সর্বোপরি দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও গবেষণায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় উভয় পক্ষের আগ্রহের বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয় এবং দুই পক্ষের সম্মতিতে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং রুশ ফেডারেশনের পক্ষে ফেডারেল অ্যাজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ যৌথভাবে এই প্রটোকলটিতে স্বাক্ষর করেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








