পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

অর্থনৈতিক অংশীদারিত্ব আরো গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামীকাল সোমবার স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে সরকারি সফরে যাচ্ছেন।

Advertisement

২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এ সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করবেন বলে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরের শুরুতে তিনি স্পেনের সেভিলে যাবেন। সেখানে আগামী ২৬ অক্টোবর তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’র উদ্বোধন করবেন তিনি।

স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য ‘শক্তিশালী অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’।

এ আয়োজনের লক্ষ্য হলো বাংলাদেশের রফতানিকারকদের সাথে স্পেনের উৎপাদনকারী, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করা।

স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শামা ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন।

যুক্তরাজ্যে তার কর্মসূচিতে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্ব দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মধ্য দিয়ে ইউরোপীয় অংশীদারদের সাথে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেয়া, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

সূত্র : বাসস