
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাইডলাইনে জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেছেন।
জাতিসঙ্ঘ সদর দফতরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ২৭তম তলায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাতিসঙ্ঘের মধ্যকার সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান এবং জাতিসঙ্ঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অবদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসঙ্ঘের সহযোগিতা ও সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। একইসাথে তিনি বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জাতিসঙ্ঘ মহাসচিব বাংলাদেশের সাথে জাতিসঙ্ঘের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র : বাসস








