প্রবাসের স্বপ্ন থেমে গেল রাজপথে : বিমানবন্দরে যাওয়ার পথে বাসের ধাক্কায় কাতারগামী ২ যুবক আহত
বিমানবন্দরে যাওয়ার পথে বাসের ধাক্কায় কাতারগামী ২ যুবক আহত হয়েছেন। সংগৃহীত
ads

জীবিকার তাগিদে আর পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমানোর কথা ছিল সুদূর কাতারে। বেলা সাড়ে ১১টার ফ্লাইট ধরার শেষ মুহূর্তের প্রস্তুতি, স্বজনদের বিদায়ের আবেগ আর নতুন জীবনের হাতছানি—সবই মুহূর্তেই থমকে গেল বেপরোয়া গতির এক ঘাতক বাসের ধাক্কায়। 

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় মাসুম মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন কাতারগামী দুই প্রবাসী ও তাদের এক স্বজন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালক মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে। অন্যদিকে, গুরুতর আহত ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা ও কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে আসা স্বজন মো: বশির (৩৩)।

আহত বশিরের স্ত্রী নুপুর আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, বুধবার বেলা সাড়ে ১১টার ফ্লাইটে রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা ছিল। ভোর থেকেই চলছিল শেষ মুহূর্তের বিদায়ের তোড়জোড়। সকালে শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে মূল সড়কের দিকে যাচ্ছিলেন তারা। পরিকল্পনা ছিল, মূল সড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রিয়জনদের নিরাপদে বিদায় জানাতে সাথে যাচ্ছিলেন বশিরও। অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ডের ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং চালকসহ চার আরোহীই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত তিনজনই বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নুপুর আক্তার জানান, আমার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত তিনজনকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত মাসুম মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।