
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে টাকা নেয়ার সময় এক পকেটমারকে হাতেনাতে আটক করেছে অঙ্গীভূত আনসার সদস্যরা।
৬ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে হাসপাতালের নিচতলায় লিফটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মো: মাহফুজার রহমান (৪৫) নামে ওই ব্যক্তির কাছ থেকে চুরিকৃত টাকা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালনকালে দেখতে পান, চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের কাছ থেকে টাকা নেয়ার চেষ্টা করছেন মাহফুজার রহমান। বিষয়টি নজরে আসার সাথে সাথে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে এক হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
আটক মাহফুজার রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার মুন্সিপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মানিক।
পরবর্তী সময়ে উদ্ধারকৃত টাকা যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা হয় এবং জবানবন্দি গ্রহণ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সর্বদা সতর্ক অবস্থানে থাকেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় পকেটমারির মতো অপরাধ প্রতিরোধ এবং রোগী-স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা রক্ষা ও সেবামূলক দায়িত্ব পালনে আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ভূমিকা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








