রূপপুরে ইউরেনিয়ামের অষ্টম চালান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ইউরেনিয়াম আমদানি, রূপপুর প্রকল্প, রাশিয়া থেকে ইউরেনিয়াম, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, রূপপুর প্রথম ইউনিট, রূপপুর দ্বিতীয় ইউনিট
ইউরেনিয়ামের অষ্টম চালান। সংগৃহীত
ads

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে।

মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি ইউরেনিয়ামের চালান দেশে পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি মোট নয়টি চালানে দেশে আনার কথা।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানো হবে।

এরও আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় কেন্দ্রটির প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। ওই সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

রাশিয়ান ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।