
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫ এবং উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া গোয়েন্দা বিভাগ নয়জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেফতার করে।
অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া দুইটি মোটরসাইকেল, দুইটি সুইচ গিয়ার, দুইজন ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন রয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








