
রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ করেই থানার প্রধান ফটকের সামনে বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর জানান, ‘সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ককটেল বিস্ফোরণ। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।’
তিনি আরো জানান, ঘটনার পর পরই থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রকৃত ঘটনা কী এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।







