
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। একইসাথে দিন দিন এসব ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম আইআরআইবি-কে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রসহ আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে কৌশলগত অস্ত্রের সঙ্কটে ভুগছে। অন্যদিকে ইরান অতীতে এ ধরনের সঙ্কটের মুখোমুখি হয়নি এবং ভবিষ্যতেও এমন সঙ্কট দেখা দেয়ার আশঙ্কা নেই। বরং আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা বৃদ্ধি করছি।’
বিদেশী অস্ত্রের ওপর নির্ভরশীলতা কাটিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে ইরান আজ অনেকাংশে স্বনির্ভর সামরিক শক্তিতে পরিণত হয়েছে। অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবেলা করে প্রতিরক্ষা খাতে ইরানের এই রূপান্তরকে কৌশলগত অভিযোজন ও স্বনির্ভরতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে প্রেস টিভি।
হরমুজ প্রণালীতে আইআরজিসির সামরিক শক্তির চাপে যুক্তরাষ্ট্র
সাক্ষাৎকারের অন্য এক অংশে মোহেব্বি বলেন, হরমুজ প্রণালীতে আইআরজিসির শক্তিশালী ও ধারাবাহিক সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রকে ব্যাপক চাপের মুখে ফেলেছে।
তিনি জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও পারস্য উপসাগরের দ্বীপগুলোতে মোতায়েন আইআরজিসির সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সাথে দেশের সীমান্ত রক্ষা করছেন।
আইআরজিসির মুখপাত্র বলেন, বাহিনীর ব্যাপক ও শক্তিশালী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতার উদ্দেশ্য হচ্ছে শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখা, মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করা এবং ইরানের জনগণ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা।
তিনি আরো বলেন, শত্রুপক্ষের ড্রোন সফলভাবে প্রতিহত করা এবং হরমুজ প্রণালীর আকাশে বিপুলসংখ্যক ড্রোন ধ্বংসের ঘটনা ইরানের সশস্ত্র বাহিনীর উন্নত প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ বহন করে।
২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করে, যা ১২ দিন স্থায়ী হয়। পরবর্তী সময়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় সামরিক আগ্রাসন শুরু হয়।
উভয় যুদ্ধেই ইরানের দৃঢ় প্রতিরোধ ও জোরালো পাল্টা সামরিক অভিযানের মুখে পড়েছে আগ্রাসনকারীরা।
এছাড়া মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের উসকানিমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









