রোহিঙ্গা গণহত্যা, মিয়ানমার, সামরিক কর্মকর্তা, ব্রিটিশ নিষেধাজ্ঞা,
রোহিঙ্গা শরণার্থী। সংগৃহীত
ads

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির শীর্ষ পাঁচ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

বিবিসি মঙ্গলবার (২৪ নভেম্বর) আরো জানায়, নিষেধাজ্ঞার আওতায় পড়া পাঁচ কর্মকর্তা হলেন মিও হুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার ও। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের জবাব দিতে হলে মূল্যবোধের প্রতিফলন ঘটানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন সাত লাখের বেশি মানুষ। ওই সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালের গণহত্যার সময় সামরিক বাহিনীর প্রধান থাকায় সংঘটিত বহু নৃশংসতার জন্য মিন অং হ্লাইং সরাসরি দায়ী।

তিনি বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই ধরনের নৃশংসতা যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থাও নিতে হবে।

মিলিব্যান্ড অবিলম্বে সংঘাত বন্ধ করে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়া, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ করা, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং সব পক্ষের অংশগ্রহণে রাজনৈতিক সমাধানের জন্য সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে বিমান জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন তিনি।

গত সপ্তাহে আইসিজের রায়ের পর যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করে। সোমবার পার্লামেন্ট সদস্যদের মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলবে যুক্তরাজ্য। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে বিশেষ বৈঠকও হবে।

গত বৃহস্পতিবার দেয়া রায়ে আইসিজে বলেছে, আদালতের হাতে থাকা প্রমাণ থেকে ‘গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানো যায় না’। আন্তর্জাতিক বিচারকদের নয়-ছয় ভোটে এ রায় দেয়া হয়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘনের দায়েও সংখ্যাগরিষ্ঠ বিচারক মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন।

আদালতের রায়ে বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। ওই অভিযানে পুরো গ্রাম পুড়িয়ে দেয়া এবং নারী ও কিশোরীদের ধর্ষণের অভিযোগও উঠে আসে। মিয়ানমার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

মিলিব্যান্ড জানান, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে এবং দেশটি তাদের আশ্রয় ও সহায়তা দিচ্ছে।

গণহত্যার সময় মিয়ানমারের নেত্রী ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। পার্লামেন্ট সদস্যদের জানানো হয়েছে, এখনো বিমান হামলা ও আরাকান আর্মির সহিংসতা চলছে।

আদালত আরো বলেছে, মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সাথে থাকা ব্যক্তিদের গণহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে। গণহত্যা ও সনদে নিষিদ্ধ অন্যান্য অপরাধের বিচার করেনি এবং সনদ কার্যকর করার মতো আইনও প্রণয়ন করেনি। এ ছাড়া ২০২০ সালে দেয়া আদালতের অন্তর্বর্তী আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও ব্যর্থ হয়েছে দেশটি। রোহিঙ্গাদের সাবেক গ্রামগুলোর জায়গায় সরকারি ঘাঁটি নির্মাণ এবং অন্তত পাঁচটি গ্রামের অবশিষ্ট চিহ্ন ধ্বংসের মাধ্যমে ওই আদেশ লঙ্ঘন করা হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেছে।