নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত
ads

সারাদিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটানোর পর ঢাকায় ফিরে সন্ধ্যায় সচিবালয়ে দাফতরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-প্রেস সচিব জানান, বিকেলে স্বর্ণদ্বীপ থেকে ঢাকায় ফিরে সরাসরি সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাফতরিক কাজে অংশ নেন।

এর আগে, তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে এ দিন সকাল ৮টায় নিজ বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। প্রেস উইং সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় স্বর্ণদ্বীপে অবতরণ করেন তিনি।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন।

বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। অনুশীলনস্থলে প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম দেখেন এবং দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। বিকেলে মহড়া পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকায় ফিরে সন্ধ্যায় পুনরায় দাফতরিক দায়িত্ব পালন করেন তিনি।