
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে জয়ের আনন্দের মধ্যেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে সুপারস্পোর্ট পার্কে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান বাভুমা। ৪৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পতনের পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। কাগিসো রাবাদা ও ডিন প্যাটারসনের সাথে জুটি গড়ে আরো ১৯ রান যোগ করেন। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি।
বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গাটিও নতুন করে ভাবতে হচ্ছে দলকে। রিজার্ভ ব্যাটার হিসেবে থাকা টনি ডি জর্জিকে সরাসরি একাদশে নেয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিনেথেম্বা কেশিলে, জর্ডান হারম্যান ও ডেভিড বেডিংহামও বিবেচনায় আছেন।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো করা কেশিলে একসময় টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে সেই সুযোগ হাতছাড়া হয়। অন্যদিকে ইংল্যান্ড লায়ন্স ও সমারসেটের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে শীতকালীন মৌসুমে ৯ ইনিংসে ৬১.৮৫ গড়ে রান করেছেন হারম্যান।
বাভুমার চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত নয়। তবে ১৭ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগেই তার ফেরার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বারবার চোটে পড়া নিয়ে হতাশা প্রকাশ করে বাভুমা জানান, পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। চিকিৎসক দলের তত্ত্বাবধানে পুনর্বাসন চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং ও দলের পারফরম্যান্স পর্যালোচনার সুযোগ হিসেবেও দেখছেন এই বিরতিকে।
অধিনায়ক হিসেবে বাভুমার সাফল্য অবশ্য চোখে পড়ার মতো। ১৬ টেস্টে নেতৃত্ব দিয়ে মাত্র একটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা, কোনো সিরিজেও হারেনি। কিন্তু চোট বারবার তার পথ আটকে দিয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অধিনায়ক হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ২৫ টেস্টের মধ্যে ৯টিতেই খেলতে পারেননি তিনি। এর মধ্যে সাতটি ম্যাচে অনুপস্থিত ছিলেন চোটের কারণে।
এবারও চোটের কারণে মাঠের বাইরে থাকতে হলেও দলের সাথে সুপারস্পোর্ট পার্কে থাকবেন বাভুমা। প্রথম টেস্টে ৯ উইকেটের জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে অধিনায়ককে ছাড়াই সিরিজ জয়ের লক্ষ্য থাকবে স্বাগতিকদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









