রোহিঙ্গা গণহত্যা মামলা, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণ, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন, আইসিজে রায়, রোহিঙ্গাদের ওপর যৌন সহিংসতা
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। সংগৃহীত
ads

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমাতে পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার সরকার। বিয়ে করতে বিশেষ অনুমতি নেয়া এবং বিবাহিত দম্পতিদের সন্তান নেয়ার সংখ্যা দুইয়ে সীমাবদ্ধ করার নিয়ম চালু করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় তিনি এসব তথ্য তুলে ধরেন।

বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিয়ের ক্ষেত্রে বিশেষ অনুমতির নিয়ম চালু করেছিল। একইসাথে বিবাহিত দম্পতিদের সন্তান নেয়ার সংখ্যা দুই সন্তানে সীমাবদ্ধ করে দেয়া হয়েছিল।’

তিনি জানান, ‘এসব নীতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্য ছিল বলে মিয়ানমারও স্বীকার করেছে। তবে এসব বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের জন্মহার কমানো সম্ভব হয়নি।’

ইওয়াসাওয়া বলেন, ‘আদালত মনে করে, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের ওপর চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক ব্যবস্থা। অন্তত ২০১৭ সালের সামরিক অভিযানের সময়ও এই জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দেয়াই ছিল এর অন্যতম উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘এ ধরনের বিধিনিষেধসহ অন্যান্য পদক্ষেপ থেকে রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধ করার উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়।’

এছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সংঘটিত যৌন সহিংসতার ঘটনাগুলোর কথাও তুলে ধরেন বিচারক।

তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা কমে যায়।