ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পাহাড়ের চাপে দিশেহারা বাংলাদেশ। ক্রিকইনফো

রানের বোঝায় নুয়ে পড়ছে বাংলাদেশ। অশনিসংকেত নিয়েই শেষ করেছে সিলেট টেস্টের চতুর্থ দিন। পঞ্চম দিনে কী হতে চলেছে তা না বললেও হয়, তবে জিততে হলে আগামীকাল অবিশ্বাস্য কিছুই করতে হবে টাইগারদের। আজ ৭৯ ওভার ব্যাটিং করেই ৩৩৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়েছে মাত্র ৩টি। 

Advertisement

সব মিলিয়ে তাদের রান এখন ৩ উইকেটে ৩৪৫। বাংলাদেশের প্রথম ইনিংসে পাওয়া ৩০ রানের লিড ভেঙে ক্যারিবীয়দের পুঁজি এখন ৩১৫ রানের। উইকেটে আছেন সেঞ্চুরিয়ান হজ, ১৪০ রানে অপরাজিত তিনি। আমির জাঙ্গু অপরাজিত ২০ রানে।

আরো পড়ুন—দোয়া-ইবাদাত নিয়ে বিদ্রুপ : ভাইরাল সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত

Advertisement

টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।

সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ক্যারিবীয় ব্যাটাররা। প্রথম সেশনে ৩০ ওভারে ১২১ রান তুলে নেয় তারা। ব্র্যান্ডন কিংয়ের ৬১ রানের ইনিংস থামান মেহেদী মিরাজ। এর আগে জশুয়া ডি সিলভাকে (৩৬) ফেরান তাইজুল ইসলাম।

তবে এরপর বাংলাদেশের বোলারদের জন্য কঠিন পরীক্ষা হয়ে ওঠে কেভাম হজ ও কেভিন উইকহ্যামের জুটি। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১৩১ রান যোগ করেন তারা। হজ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। উইকহ্যামও অভিষেক টেস্টে দ্বিতীয় ফিফটি তুলে নেন।

শেষ পর্যন্ত ১৬৫ রানের জুটি ভাঙেন তাইজুল। তার বলে ফিরতি ক্যাচ দিয়ে ১০৭ বলে ৭৮ রান করে ফেরেন উইকহ্যাম। তবে তাতে স্বস্তি ফেরেনি বাংলাদেশ শিবিরে। হজের সাথে নতুন করে জুটি গড়েন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু।

এই জুটি আর ভাঙা হয়নি। অপরাজিত থেকেই দিন শেষ করেছেন কেভাম হজ ও জাঙ্গু। অন্যদিকে অস্বস্তিকর অবস্থায় মাঠ ছেড়েছে টাইগাররা। সিলেটের চতুর্থ দিনে তাই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ক্যারিবীয়দের হাতে।

এদিকে বাংলাদেশের সামনে প্রশ্ন- ড্র নাকি জয়ের কথা চিন্তা করবে স্বাগতিকরা? ম্যাচটা ড্র করলে বাংলাদেশ খোয়াবে সিরিজ। আর জিততে চাইলে নিতে হবে রিস্ক। আর তাতে বাড়বে হারের শঙ্কাও।