তাহওহীদ হৃদয়
আজ অনবদ্য একটি ইনিংস খেলেছেন তাহওহীদ হৃদয়। সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জাতীয় দলে থিতু হয়েছেন অনেক দিন। কিন্তু চার-ছক্কায় মাঠ মাতানো হৃদয় টেস্ট ফরম্যাটে কতটা ভালো করতে পারবেন, সেটা নিয়ে সংশয় ছিল অনেকেরই।

Advertisement

যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরিতে হইচই ফেলে দেন হৃদয়। এরপরই সুযোগ পান টেস্ট দলে।

কিন্তু লাল বলে শুরুটা একদমই ভালো ছিল না। চলতি বছরেরই জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি হৃদয়। দুই ইনিংসে করেন ৩ আর ৯।

Advertisement

এরপর চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। মিরপুরে প্রথম ইনিংসে ৪২ করলেও পরেরবার ০ রানেই থামেন হৃদয়।

চলছিল সমালোচনা। হৃদয় টেস্টে পারবেন না, এমন কথাও বলে দিয়েছিলেন অনেকে। দল থেকে বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান হৃদয় দিয়েছেন দ্রুতই।

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসেই মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন হৃদয়। ২৪২ রানের হার না মানা ইনিংসে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। হৃদয়ের ব্যাটে চড়েই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে লিড নিয়েছে বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে এগিয়ে স্বাগতিকরাই। এমন এক ইনিংস খেলার পর হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অনুভূতি প্রকাশ করেছেন। জানিয়েছেন, ব্যর্থতা আর হতাশায় জেদ ঘিরে ধরেছিল তাকে। সেটিকেই শক্তিতে পরিণত করেন।

হৃদয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অভিষেক নিয়ে স্বপ্ন ছিলো অনেক। কিন্তু ব‍্যর্থতা এবং হতাশায় জেদ চেপেছিলো খুব। তবে বিশ্বাস ছিলো আল্লাহ এবং নিজের পরিশ্রমের প্রতি। মহান আল্লাহ খুব তাড়াতাড়ি আশা পূরণ করলেন। আলহামদুলিল্লাহ…।’

ওই পোস্টে ডাবল সেঞ্চুরির পথে নিজের নানা মুহূর্তের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন হৃদয়। বর্তমানে ভক্তদের প্রশংসায় ভাসছেন ডানহাতি এই টাইগার ব্যাটার। 

আরো পড়ুন—সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত, জানা গেল প্রাথমিক পরিচয়