সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন তাওহীদ হৃদয়
সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন তাওহীদ হৃদয়। সংগৃহীত

তাওহীদ হৃদয়ের ব্যাটে সিলেটে লেখা হলো নতুন ইতিহাস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেয়ার পর থামেননি বাংলাদেশের এই ব্যাটসম্যান। খেলেছেন ২৪২ রানের অপরাজিত মহাকাব্যিক এক ইনিংস। তাতে ভেঙেছেন মুশফিকুর রহিমের রেকর্ড, ছাড়িয়ে গেছেন মুমিনুল হককে। এক ইনিংসেই গড়েছেন একাধিক কীর্তি।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং যখন ধুঁকছিল, তখন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন হৃদয়। সতীর্থরা একের পর এক ফিরলেও তার ব্যাট থামেনি। শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থেকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন তিনি।

এত দিন রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেছিলেন মুশফিক। হৃদয় ছাড়িয়ে গেছেন সেই ইনিংসকে। চার নম্বরে ব্যাট করতে নেমেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। এই রেকর্ডটি আগে ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে চার নম্বরে নেমে ১৮১ রান করেছিলেন মুমিনুল।

Advertisement

প্রথম সেঞ্চুরিতেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন হৃদয়। ১৭১ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর ডাবল সেঞ্চুরি করেছেন ৩০৪ বলে। বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের ইনিংসের আগের রেকর্ডটিও ছিল মুমিনুলের। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরিতে ১৮১ রান করেছিলেন তিনি।

শুধু রানের রেকর্ড নয়; ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও নতুন উচ্চতায় উঠেছেন হৃদয়। এই ইনিংসে মেরেছেন ১১টি ছক্কা। বাংলাদেশের হয়ে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ড ছিল তামিম ইকবালের। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন তিনি।

এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। শনিবার এক দিনেই করেছেন ২১৩ রান। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টের এক দিনে সর্বোচ্চ ২১২ রান করার রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে এই কীর্তি গড়েছিলেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন হৃদয়ের। এর আগে ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রান করে এই রেকর্ডের মালিক হয়েছিলেন মাহমুদুল হাসান জয়।

ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই এমন ইনিংস খেললেন হৃদয়। জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। তবে সিলেটের এই ইনিংসে শুধু সমালোচনার জবাবই দেননি, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নিজের নামটিও লিখে দিয়েছেন নতুন করে।