বিসিবি, নারী ক্রিকেটার, যৌন হয়রানি, স্বাধীন তদন্ত কমিটি, ব্যারিস্টার রাশনা ইমাম, নারী ক্রিকেটের নিরাপত্তা, জাহানারা আলম, যৌন নিপীড়নের অভিযোগ
ব্যারিস্টার রাশনা ইমাম। সংগৃহীত

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে।

Advertisement

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহবায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। সে সময় নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেন তিনি। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এছাড়া একজন সাবেক নারী ক্রিকেটারকেও কমিটিতে রাখা হবে। তবে তার নাম এখনো চূড়ান্ত হয়নি।

নতুন কমিটির বিশেষত্ব হলো, এতে বিসিবির  সাথে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব এবং স্বার্থের সংঘাত এড়ানোর সুযোগ তৈরি হবে।

এই প্রসঙ্গে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।’

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।

সে সময় হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায়ের আলোকে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছিল বোর্ড। তৎকালীন বিসিবি পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল।

অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর দায়িত্বও দেয়া হয়েছিল ওই কমিটিকে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে নারী ক্রিকেটারদের জন্য অভিযোগ জানানোর জন্য আবারো স্বাধীন ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরি হলো।

বিসিবির লক্ষ্য, কোনো ধরনের দ্বিধা বা ভীতি ছাড়াই ক্রিকেটাররা যেন তাদের অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরতে পারেন।