
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেন পাটোয়ারী।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে দল পেয়েছেন তারা।
তিনজনের মাঝে ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে দলে নিয়েছে নাঙ্গারহার কসমিক। এই দলে জায়গা পেতে সাকিবের ড্রাফটমূল্য উঠেছে ৭৯ লাখ টাকা। একই ক্যাটাগরি থেকে সমান মূল্যে ডানহাতি পেসার নাহিদ রানাকে নিয়েছে টিম পাকতিয়া।
আর গোল্ড ক্যাটাগরি থেকে শামীমকে দলে ভিড়িয়েছে একসেল ইউনাইটেড কাবুল। তার মূল্য ৪০ হাজার মার্কিন ডলার বা ৪৯ লাখ টাকা।
তবে দল পেলেও নাহিদের এপিএলে খেলা এখনো নিশ্চিত নয়। চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন এই পেসার। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ওপর নির্ভর করবে তার অংশগ্রহণ।
এবারের ড্রাফটে বাংলাদেশের মোট ৩০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল তাদের। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন পাঁচজন করে, গোল্ডে ১৩ জন ও সিলভারে সাতজন। সব মিলিয়ে ড্রাফটের জন্য চূড়ান্ত তালিকায় ছিলেন ৪৬২ জন ক্রিকেটার।
পাঁচ দল নিয়ে ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা এবারের এপিএল। টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। দলগুলো হলো নাঙ্গারহার কসমিক, একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম বালখ ও টিম পাকতিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








