পাকিস্তান ক্রিকেট দল, পাকিস্তানের জরিমানা, স্লো ওভার রেট, আইসিসির শাস্তি, শাহিন শাহ আফ্রিদি, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ফাইনাল, ফখর জামান
পাকিস্তানের ক্রিকেট দল। সংগৃহীত

ফাইনালে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই জরিমানার মুখে পড়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Advertisement

নির্ধারিত সময়ের মাঝে এক ওভার কম করায় এই শাস্তি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অতিরিক্ত সময়ের ছাড় বিবেচনায় নেয়ার পরও নির্ধারিত সময়ের মাঝে এক ওভার পিছিয়ে ছিল তারা।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন।

তবে এই শাস্তি গায়ে নাই লাগতে পারে পাকিস্তান দলের। সিরিজজুড়ে মাঠের পারফরম্যান্সে ছিল তাদের স্পষ্ট দাপট। রাউন্ড রবিন পর্বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিকরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ৩২৬ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। অথচ এর আগের ম্যাচেই এই মাঠে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা।

ফাইনালে সেই হারের জবাব দেন ফখর জামান। ১১ চার ও ৬ ছক্কায় ৯৯ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ফাইনাল তো বটেই, যেকোনো ওয়ানডে নকআউট ম্যাচে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

সেইসাথে এই সিরিজ দিয়েই ১৮ বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত কিটপ্লাই কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।