মিরপুর টেস্ট, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের উইকেট পতন উদযাপন ওয়েস্ট ইন্ডিজের। সংগৃহীত

মিরপুরে কী হচ্ছে! রান তোলার চেয়ে উইকেট হারানোর প্রতিযোগিতাই যেন চলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে! মাত্র ১১ রানেই নিজেদের ইনিংসের শেষ ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। যেখানে শেষ ৩ উইকেট হারিয়েছে কোনো রান যোগ না করেই!

Advertisement

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। অর্থাৎ দুই দলের শেষ দিকের ব্যাটিংয়ে মাত্র ৪৬ রান যোগ হতেই পড়েছে ৯ উইকেট! মিরপুরের উইকেটে এমন ব্যাটিং বিপর্যয় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭২ রান করে বাংলাদেশ। যেখানে টাইগাররা শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫১ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথন ইনিংস শেষ হয় ২৪৫ রানে। ২৭ রানের লিড পায় টাইগাররা।

তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন তানজিদ তামিম। এরপর সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। 

২৭ রানের জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তার বলে বোল্ড হয়ে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সাদমান। ৩০ বলে ১৩ রান করেন তিনি। একই ওভারে ফেরেন তাওহীদ হৃদয় (০)।

পরের ওভারে এসে শান্তকেও ফিরিয়ে দেন চেজ। ৩৭ বল খেলে ১০ রান করা বাংলাদেশ অধিনায়ক এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। এরপর নামে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ১৩ ওভারে ৩৪ রানে ৪ উইকেট ছিল স্বাগতিকদের।

তবে বৃষ্টি শেষে মাঠে ফিরতেই ফের উইকেটের পতন হয়। দলকে বিপদে ফেলে আউট হয়ে ফেরেন লিটন দাস। ১০ বলে ৪ রান করে আউট হন তিনি। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। 

সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করছেন মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে মাঠে নামা জাকের আলি ও মেহেদী মিরাজ। ২১ ওভার পর্যন্ত বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৩।