পাকিস্তান, শ্রীলঙ্কা, ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে শ্রীলঙ্কা। ক্রিকইনফো

ব্যাট হাতে শুরু থেকেই ধুঁকেছে পাকিস্তান। ৬৪ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। শেষ পর্যন্ত ২৫.৩ ওভারে অলআউট হয়েছে মাত্র ১১০ রানে। এত কম পুঁজি নিয়ে লড়াই করা কঠিনই ছিল। হলোও তাই। ১৮.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জিতে গেছে শ্রীলঙ্কা।

Advertisement

মঙ্গলবার লাহোরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের সামনে অসহায় ছিল পাকিস্তান। একের পর এক উইকেট হারিয়ে ৬৪ রানেই ৬ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। এরপরও ইনিংস খুব বেশি দূর টানতে পারেনি তারা। 

২৫.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ব্যাটারদের মধ্যে একমাত্র বাবর আজমই কিছুটা প্রতিরোধ গড়েন। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। হাসান নেওয়াজ ১৭ ও শাহিন শাহ আফ্রিদি ১৫ রান করেন। আরাফাত মিনহাস করেন ১০।

বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সালমান আগা ৯ রান। ফখর জামান ৫, মাজ সাদাকাত ৮, সাদ বাইগ ৫ এবং শাদাব খান করেন ২ রান।

পাকিস্তানের ব্যাটিং ধসের মূল কারিগর শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। মাত্র ৩৪ রান দিয়ে একাই নিয়েছেন ৫ উইকেট। ২ উইকেট নেন শাহান আচার্জে।

১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতে কিছুটা সতর্ক ছিল শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ও আভিষ্কা ফার্নান্ডো মিলে ৪১ বলে গড়েন ৫০ রানের উদ্বোধনী জুটি। আভিষ্কা ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন।

এরপর কুশল মেন্ডিসকে ৮ রানে বোল্ড করেন আরাফাত মিনহাস। তবে তাতে ম্যাচের ভাগ্য বদলায়নি। কামিন্দু মেন্ডিস ও পবন রথনায়েকে বাকি কাজটা নির্বিঘ্নেই সেরে ফেলেন।

৬০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। রথনায়েকে অপরাজিত থাকেন ২৩ রানে। ১৮.১ ওভারেই ২ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের ব্যাটিং দুর্দশা অবশ্য নতুন নয়। আগের ম্যাচে ২৪৪ রান তাড়া করতে গিয়ে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়েও ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্যভাবে জয় পেয়েছিল তারা। 

এবার আর সেই নাটকীয় প্রত্যাবর্তনের সুযোগই তৈরি করতে পারেনি পাকিস্তান।

এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করলো শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানও। আগামী ৩১ অক্টোবর মাঠে গড়াবে ফাইনাল।

অন্যদিকে আগামী ২৯ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচ খেলবে ইংল্যান্ড—ওই ম্যাচের ফলাফল এখন আর কোনো প্রভাব ফেলবে না। কেননা ৩ ম্যাচ খেলে এখনো পয়েন্টের দেখা পায়নি থ্রি লায়ন্সরা।