
জাতীয় ক্রিকেট লিগ খেলতে রাজশাহী ফেরার পথে চুরি হয়েছে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের লাগেজ। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে বিসিবির চলন্ত কাভার্ডভ্যানের পেছনের দরজা ভেঙে চুরি করা হয় দলের চার সদস্যের আটটি লাগেজ।
এক দিন পর সেই আট লাগেজই উদ্ধার করেছে পুলিশ। তবে লাগেজে থাকা নগদ ৩ লাখ টাকা এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ শেষে বুধবার সকালে বিমানযোগে রাজশাহী ফেরেন ক্রিকেটাররা। তাদের ৫৪টি লাগেজ আগের রাতে বিসিবির একটি কাভার্ডভ্যানে করে ঢাকা থেকে রাজশাহীতে পাঠানো হয়।
গন্তব্যে পৌঁছে হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ৫৪টির মধ্যে আটটি লাগেজ নেই। চুরি যাওয়া লাগেজগুলো ছিল মেহেরব হাসান, মোহর শেখ অন্তর, আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের।
এ ঘটনায় রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন মেহেরব। তার লাগেজে ছিল পাসপোর্ট, আইফোন, ৩০০ মার্কিন ডলার, নগদ ৩ লাখ টাকা, পারফিউম ও পোশাক। অন্য লাগেজগুলোতে ছিল ইলেকট্রনিকস, জুতা, স্পাইক ও বিভিন্ন খেলার সরঞ্জাম।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার তারাপুর এলাকায় চলন্ত কাভার্ড ভ্যানটির পিছু নেয় মোটরসাইকেলে আসা কয়েকজন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন চলন্ত ভ্যানের ওপর উঠে পেছনের দরজার তালা ভেঙে আটটি লাগেজ বের করে নেয়।
পরে বুধবার দিবাগত রাতে তারাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আটটি লাগেজই উদ্ধার করে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে ক্রিকেটারদের ডেকে উদ্ধার হওয়া মালামাল বুঝিয়ে দেয়া হয়।
উদ্ধার হয়েছে আইফোন, পাসপোর্টসহ বেশিভাগ সামগ্রী। তবে মেহেরবের লাগেজে থাকা নগদ ৩ লাখ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গ্রেফতার চারজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে আগামী রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হবে রাজশাহী বিভাগ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








