লিটন দাস, হাসান মাহমুদ
লিটন দাস ও হাসান মাহমুদ। সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ। ব্যাট হাতে সেঞ্চুরি আর বল হাতে হ্যাটট্রিক—দুই ভিন্ন কীর্তিতে আলো ছড়ানো বাংলাদেশের এই দুই ক্রিকেটারের উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন লিটন। দুই ইনিংসে মোট ১৫৫ রান করে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ৬১০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ২৯তম স্থানে আছেন লিটন।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হাসান মাহমুদেরও। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট পান তিনি। গড়েন বাংলাদেশের পেসারদের মাঝে প্রথম টেস্ট হ্যাটট্রিকের কীর্তি। এর পুরস্কার হিসেবে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠেছেন হাসান।

শুধু লিটন-হাসান নন, র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরো কয়েকজনের। বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। আর ১১ ধাপের বড় লাফ দিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন এবাদত হোসেন।

১০ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯২তম স্থানে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। তবে ভালো করেও র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুজনই ছিলেন বেশ কার্যকর। শান্ত দুই ইনিংসে ১১১ ও মুশফিক করেন ৮১ রান। তবুও দুজন এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে আছেন ২১ ও ১৭তম স্থানে।

বোলারদের তালিকায় পিছিয়েছেন তাইজুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে এক উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনার তিন ধাপ নেমে ১৮তম স্থানে অবস্থান করছেন।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।