
সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাতের বিধ্বংসী ব্যাটিংয়ের পর মোহাম্মাদ ইমরানের বোলিংয়ে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।
রোববার (১১ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান করে পাকিস্তান। জবাবে শুরু থেকেই চাপে থাকা শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানে থামে। দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে রানের ব্যবধানে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়।
পাকিস্তানের ইনিংসের শুরুটা অবশ্য ছিল নিয়ন্ত্রিত। পাওয়ার প্লেতে ৪৬ রান তোলে তারা। তবে এরপর ফাখার জামান ১৭ বলে ২২ রান করে ফিরলে ইনিংসে গতি বাড়াতে শুরু করেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত।
দুইজনের ব্যাটে দ্রুতই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান। ৩১ বলে ফিফটি তুলে নেয়া ফারহান শেষ পর্যন্ত ৪৪ বলে ৭৩ রান করেন। চারটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো তার ইনিংস থামে ১৫তম ওভারে। জুটি থেকে আসে ৪৯ বলে ৮৮ রান।
ফারহান ফেরার পরও থামেনি পাকিস্তানের ঝড়। ৩০ বলে ফিফটি পূর্ণ করা সাদাকাত পরের দিকে আরো। ভয়ংকর হয়ে ওঠেন। শেষ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৯৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কা।
সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থামা সাদাকাতের সাথে শেষ দিকে হাসান নাওয়াজের ৩১ বলে ৭২ রানের জুটিতে পাকিস্তান ২০০ ছাড়ায়। নাওয়াজ করেন ৯ বলে ১৯ রান। শেষ ছয় ওভারে ৮৪ রান তুলে ২১৫-এ থামে স্বাগতিকরা।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৩৫ রান। প্রথম ম্যাচে ৯১ রান করা লাহিরু উদারা এবার ফেরেন মাত্র ৫ রানে।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে এরপর বড় ধাক্কা দেন মোহাম্মাদ ইমরান। সিনেথ জায়াওয়ার্দেনা, কুসাল মেন্ডিস ও সাহান আরাচ্চিগেকে ফিরিয়ে চার ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার।
মাঝের ওভারগুলোতে একের পর এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান হয়ে যায় ৭৪ রানে ৬ উইকেট। সেখান থেকে চামিন্দু উইক্রামাসিংহে ও থিকশানা কিছুটা প্রতিরোধ গড়েন। উইক্রামাসিংহে ২৯ রান করেন, থিকশানা ৩২ রানে অপরাজিত থাকেন।
তাতেও অবশ্য বড় ব্যবধানের হার এড়াতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ১৩৩ রানে থামে শ্রীলঙ্কা। ৮২ রানের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। একই মাঠে আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








