
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ জন মোস্ট ওয়ান্টেড পলাতক অপরাধীর তালিকায় থাকা এক মাদকসম্রাটকে গ্রেফতার করেছে মেক্সিকোর সামরিক বাহিনী। গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে চালানো এ অভিযানে চার সেনাসদস্য ও সাতজন সন্দেহভাজন সশস্ত্র অপরাধী নিহত হয়েছেন।
গ্রেফতার হওয়া মাদকসম্রাটের নাম ফাউস্তো ইসিদ্রো মেসা। তিনি ‘চাপো ইসিদ্রো’ নামে পরিচিত। শুক্রবার রাতে মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে বিশেষ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কথিত প্রধান সহযোগী এবং অপরাধী চক্রটির অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারীকেও আটক করা হয়েছে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে সাতজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন এবং আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে ওই অপরাধী চক্রের তিনজন শীর্ষ পর্যায়ের সদস্য রয়েছেন।
মন্ত্রণালয় আরো জানায়, গুয়াসাভে শহরে নিরাপত্তা জোরদার করতে পাঠানো চার সেনাসদস্যও নিহত হয়েছেন। তাদের নেতাকে গ্রেফতারের সময় অপরাধী চক্রের সদস্যরা তীব্র প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষের সূত্রপাত হয়।
অভিযান শেষে সামরিক বাহিনী একটি দশমিক ৫০ ক্যালিবারের রাইফেল, একটি গ্রেনেড নিক্ষেপকারী অস্ত্র, কয়েকটি গ্রেনেড, অন্যান্য আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ অভিযানকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির কারণে গুয়াসাভে শহরে একটি পেশাদার বেসবল ম্যাচও বন্ধ করে দিতে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর সত্যতা অবশ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এসব ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ভেতরে লোকজন ছোটাছুটি করছেন। এ সময় আশপাশে গুলির শব্দ শোনা যাচ্ছিল এবং কয়েকজনকে ‘নিচু হও, নিচু হও’ বলে চিৎকার করতে শোনা যায়।
অন্য একটি ভিডিওতে আকাশে উড়তে থাকা একটি সামরিক হেলিকপ্টার থেকে মেশিনগানের গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে বলে মনে হয়েছে।
সিনালোয়ার অন্যান্য এলাকাতেও সহিংসতা ছড়িয়ে পড়ে। সেখানে সন্দেহভাজন অপরাধী চক্রের সদস্যরা রাস্তায় অস্থায়ী প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচলে বাধা দেয়।
রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে আটক অবস্থায় চাপো ইসিদ্রোকে তার সহযোগীদের সহিংসতা বন্ধ করার আহ্বান জানাতে দেখা যায় বলে মনে হয়েছে।
ভিডিওতে তাকে সতর্ক করে বলতে শোনা যায়, সংঘর্ষ চলতে থাকলে ‘শিশু, নারী ও নিরপরাধ মানুষ’ বিপদের মুখে পড়তে পারেন। তবে ভিডিওটির সত্যতাও নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৪৪ বছর বয়সী চাপো ইসিদ্রো বেলত্রান লেইভা অপরাধীচক্রের সাথে সংশ্লিষ্ট একটি মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দিতেন। তিনি শক্তিশালী সিনালোয়া মাদকচক্রের দুই প্রতিদ্বন্দ্বী অংশের একটির সাথেও জোটবদ্ধ ছিলেন।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—উভয় দেশেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
এফবিআইয়ের ১০ জন শীর্ষ মোস্ট ওয়ান্টেড পলাতক অপরাধীর তালিকায় তার নাম ছিল। তাকে গ্রেফতারে সহায়তাকারী তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর সর্বোচ্চ ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেস নামে পরিচয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শনিবার তার গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে।
বিচার বিভাগ জানায়, তার নেতৃত্বাধীন সংগঠনটি বিপুল পরিমাণ কোকেন, মেথামফেটামিন, হেরোইন, গাঁজা ও ফেন্টানিল যুক্তরাষ্ট্রে পাচার করত। অপরাধী কর্মকাণ্ড পরিচালনা ও বিস্তারের জন্য তারা সহিংসতার আশ্রয় নিত।
মেক্সিকোর সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার কাঠামোর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এক বিবৃতিতে বলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি টাস্কফোর্সসহ বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ মেক্সিকোর এ অভিযানে সহায়তা করেছে। এর লক্ষ্য ছিল দেশটির অন্যতম বিপজ্জনক মাদকচক্রের একজন নেতাকে সরিয়ে দেয়া।’
তিনি আরো বলেন, ‘মেক্সিকোয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করার লক্ষ্যে দুই দেশের যৌথ প্রচেষ্টার ফলেই এ সফল অভিযান সম্ভব হয়েছে। নিহত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাসদস্যদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। একইসাথে মেক্সিকো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিইএও তার গ্রেফতারকে মেক্সিকোর অন্যতম সহিংস অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে ‘উল্লেখযোগ্য বিজয়’ হিসেবে অভিহিত করেছে।
ট্রাম্পের চাপের মধ্যেই গ্রেফতার
চাপো ইসিদ্রোকে গ্রেফতারের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক দিন আগেই এশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলনের ফাঁকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাদকচক্র দমনে মেক্সিকোর ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, শেইনবাউমের সাথে তার বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘মাদকচক্রগুলোর বিষয়ে আমরা তার (শেইনবাউম) সরকারের সাথে কাজ করছি। কারণ, মাদকচক্রগুলো মেক্সিকোকে নিয়ন্ত্রণ করছে। আমি তাকে এ কথা বলেছি। আমরা মাদকচক্রগুলোর হাতে মেক্সিকোর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে পারি না। দেশটি আমাদের প্রতিবেশী।’
এর আগে গত জুলাইয়ে সিনালোয়া মাদকচক্রের দীর্ঘদিনের নেতা ইসমাইল ‘এল মায়ো’ সাম্বাদাকে নিউইয়র্কের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সাম্বাদা ছিলেন কুখ্যাত মাদক পাচারকারী হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের সাবেক সহযোগী। ২০১৭ সালে গুজমানকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। বর্তমানে তিনিও যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









