
হাসান মাহমুদের হ্যাটট্রিক ও পাঁচ উইকেটের পর ব্যাট হাতেও দারুণভাবে এগোচ্ছে বাংলাদেশ। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। টাইগাররা আছে বড় লিডের পথে।
রোববার আবুধাবি টেস্টের তৃতীয় দিন শেষে বলা যায় চালকের আসনেই আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পাওয়া বড় লিডের পর দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেটে ২২৩ রান নিয়ে সাজঘরে ফিরেছে দল। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ রান।
এদিন সকালে হাসান ও এবাদতের পেসে মাত্র ২৯ রান যোগ করেই শেষ ৬ উইকেট হারায় আফগানিস্তান। ৪ উইকেটে ২১১ রান নিয়ে দিন শুরু করা দলটি গুটিয়ে যায় ২৪০ রানে। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ পায় ১০৬ রানের লিড।
আফগানিস্তানের ইনিংস ধসের মূল নায়ক হাসান মাহমুদ। টানা তিন বলে ইসমাত আলম, কায়েস আহমেদ ও জিয়া উর রহমানকে ফিরিয়ে টেস্টে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
হ্যাটট্রিকের পর ইয়ামিন আহমাদজাইকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। শেষ পর্যন্ত ৫৫ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি। এবাদত হোসেন নেন ৪ উইকেট, একটি শিকার মেহেদী হাসান মিরাজের।
তবে পেসারদের তোপের মাঝে আফগানদের হয়ে লড়েন রহমত শাহ। দলের একের পর এক ব্যাটার ফিরে গেলেও অধিনায়ক নিজের সেঞ্চুরি পূর্ণ করেন, খেলেন ১০৫ রানের ইনিংস। তাতে ৮৯.১ ওভারে ২৪০ রানে অলআউট হয় আফগানরা।
বড় লিড পেয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫৩ রানেই ফিরে যান সাদমান ইসলাম (১৩), মুমিনুল হক (৭) ও তানজিদ হাসান তামিম (৩১)। এরপর দলের হাল ধরেন মুশফিক ও শান্ত।
প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা মুশফিক দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ফিফটি। তার সাথে দারুণ ব্যাটিংয়ে অধিনায়ক শান্তও পেরিয়ে যান অর্ধশতকের বাঁধা। তাদের ৩০৩ বলের জুটিতে আসে ১৫৯ রান।
দারুণ এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন জিয়াউর রহমান। ৬৫.২ ওভারে দলীয় ২১২ রানে ১৪৮ বলে ৮১ রান করে ফেরেন মুশফিক। পরে শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। আর ১০ রান যোগ করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। তার ব্যাট থেকে আসে ১৯১ বলে ৮২ রান।
মুশফিক-শান্ত ফেরার পর লিটন দাসের সাথে নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে আসেন হাসান মাহমুদ। তবে দিন শেষ করতে পারেননি তিনি, ৬ বল খেলে ১ রান করে আউট হন হাসান। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপ বাড়ে।
তবে আর চাপ বাড়তে দেননি লিটন দাস (৫) ও মেহেদী মিরাজ (০)। সোমবার চতুর্থ দিন শুরু করবেন দুজনে। আফগানিস্তানের হয়ে ইয়ামিন আহমেদজাই ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








