
টি-টোয়েন্টি ও অন্যান্য সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের ব্যস্ততা যতই বাড়ুক, টেস্টের প্রতি টান কমেনি নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, সংক্ষিপ্ত সংস্করণের চেয়ে বেশি টেস্ট খেলা।
সেই টেস্টের আরেকটি অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার—আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ। দুপুর ১২টায় মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্টটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়ার পরীক্ষা বাংলাদেশের। এরই মাঝে কয়েকজন ক্রিকেটার আগেভাগে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। শান্তর মতে, তাতে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার কাজটা সহজ হয়েছে।
অবশ্য আমিরাতের গরম নিয়ে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। এই অঞ্চলে এর আগে কোনো টেস্ট না খেললেও সাদা বলের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে দলের।
বলেন, ‘কন্ডিশন কিছুটা গরম, এটা সত্যি। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা এটিকে কোনো অজুহাত হিসেবে দেখতে চাই না। খেলোয়াড়েরাও এসব নিয়ে বেশি ভাবছে না।’
অসুস্থতার কারণে দলের সাথে পরে যোগ দেয়া শান্তও এখন পুরোপুরি সুস্থ। জ্বর থেকে সেরে উঠে গত দুই দিন অনুশীলন করেছেন তিনি। যা দলের জন্য বড় স্বস্তির বিষয়।
এদিকে ম্যাচের আগে আলোচনায় থাকা আবুধাবির উইকেট নিয়েও নিজের ধারণা জানিয়েছেন শান্ত। তার চোখে উইকেট কিছুটা ধীরগতির হলেও ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে।
‘গতকাল উইকেট দেখার সুযোগ হয়েছে। আজ আবার দেখব। দেখতে ভালো লেগেছে, হয়তো একটু ধীরগতির। তবে ব্যাটিংয়ের জন্য ভালো হবে বলেই মনে হচ্ছে। আশা করি, খুব ভালো একটি টেস্ট ম্যাচ হবে।’
টেস্ট ক্রিকেটের গুরুত্ব নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন শান্ত। তার মতে, ছোটবেলা থেকেই ক্রিকেটারদের কাছে টেস্ট আলাদা গুরুত্ব বহন করে। ‘এখন টেস্ট ক্রিকেটে অনুপ্রেরণা ধরে রাখা কঠিন। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এবং ছোটবেলা থেকে আমরা সবাই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছি।’
‘অধিকাংশ ক্রিকেটারকেই জিজ্ঞেস করলে তারা বলবে, তারা টেস্ট খেলতে চেয়েছে। তাই একজন খেলোয়াড়ের কাছে টেস্ট ক্রিকেট সবসময়ই বিশেষ। আমরা সবাই টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসি। ব্যক্তিগতভাবে আমি সংক্ষিপ্ত সংস্করণের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলতে চাই।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








