প্রসিধ কৃষ্ণা
প্রসিধ কৃষ্ণা। সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন ভারতের পেসার প্রসিধ কৃষ্ণা। তার বদলি হিসেবে সিরিজের শেষ ম্যাচের জন্য ভারত দলে ডাক পেয়েছেন আরেক পেসার অংশুল কম্বোজ।

Advertisement

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩১তম ওভারে মাঠ ছাড়েন কৃষ্ণা। এ সময় ৫ ওভারে ৪৫ রানে ১ উইকেট নেন তিনি।

পরে পরীক্ষা-নিরীক্ষার পর ভারতের মেডিক্যাল টিম জানায়, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না কৃষ্ণা।

তারা আরো জানায়, দল ছেড়ে ব্যাঙ্গালুরু যাবেন কৃষ্ণা। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে চোট থেকে সুস্থ হতে কাজ করবেন তিনি।

কৃষ্ণার জায়গায় দলে ডাক পেয়েছেন কম্বোজ। ভারতের হয়ে মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। গেল বছরের জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১৮ ওভার বোলিং করে ৮৯ রানে ১ উইকেট নেন কম্বোজ। শেষ ওয়ানডেতে কৃষ্ণার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আরেক পেসার মোহাম্মেদ সিরাজ। প্রথম দুই ওয়ানডেতে খেলার সুযোগ পাননি তিনি।

আগামী ৩ অক্টোবর চন্ডিগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। বাসস