উইল জ্যাকস, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়ানডে
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচের একটি দৃশ্য সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৮৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ৩৭ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে ৪৬ রান ও বল হাতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন উইল জ্যাকস। 

শুরুটা অবশ্য ইংল্যান্ডের পক্ষে ছিল না। ১০ রানে টম ব্যান্টন ফেরার পর বেন ডাকেট আউট হন ৩২ রান নিয়ে। তবে এরপর জো রুট ও অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। 

রুটের ব্যাট থেকে আসে ৪৪ রান, ব্রুক করেন ৬৭। ৪৪ রানের ইনিংসের পথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। তবে ব্রুক ফেরার পর আবারো চাপে পড়ে ইংল্যান্ড। 

অভিষিক্ত লেগস্পিনার সচিন্দু কলম্বাগে ৪৪ রানে ৩ উইকেট নেন। আসিথা ফার্নান্দোও শিকার করেন ৩ উইকেট। একপর্যায়ে ১৮২ রানে ৩ উইকেট থেকে ২১১ রানে ৭ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। জস বাটলার করেন ৩১ রান।

সেখান থেকে ইনিংসের হাল ধরেন জ্যাকস। ৪৭ বলে ৫টি চারের সাহায্যে অপরাজিত ৪৬ রান করে ইংল্যান্ডকে ২৬৫ রানের সংগ্রহ এনে দেন তিনি।

জবাবে শুরুটা মন্দ ছিল না শ্রীলঙ্কার। ৮৪ রান তুলে ফেলে ২ উইকেট হারিয়েই। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে, বড় জুটি গড়তে পারেনি তারা। অধিনায়ক কুশল মেন্ডিস ৬০ বলে ৪২ ও দুনিথ ভেল্লালাগে ৩৬ বলে ৪৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। 

কিন্তু তা কেবল হারের ব্যবধান কমানোর চেষ্টা হয়েই থাকে। ৭ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ধসিয়ে দেন জ্যাকস। ইনিংসের শেষ ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের ইতি টানেন এই অফস্পিনার।

ওয়ানডেতে এটিই জ্যাকসের প্রথম পাঁচ উইকেটের কীর্তি, একই সাথে ক্যারিয়ারসেরা বোলিং। ব্যাটে অপরাজিত ৪৬ রানের পর বল হাতে ৫ উইকেট—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৪ সেপ্টেম্বর হেডিংলিতে।