
এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইলের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পরই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক বাছাই নিয়ে আলোচনা শুরু করেছে বিসিবি। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারীর নাম।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা জানান, বোর্ডের শীর্ষ কর্মকর্তারা নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনায় বসলে নাহিদা ও সোবহানার নাম সামনে আসতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, নিগারের জায়গা নেয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।
তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। নাহিদা ও সোবহানার বাইরে ভবিষ্যতের কথা বিবেচনায় তরুণ ক্রিকেটারদের মধ্য থেকেও কাউকে নেতৃত্বের জন্য তৈরি করতে পারে বিসিবি। ‘এ’ দলের নেতৃত্ব দেয়া রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের নামও বিকল্প হিসেবে আলোচনায় আসতে পারে।
যদিও এই মুহূর্তে তাদের কাউকে দায়িত্ব দেয়া কিছুটা আগেভাগে হয়ে যাবে বলে বোর্ডের ভেতরে ধারণা রয়েছে।
২০২২ সাল থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করে আসছেন জ্যোতি। তার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপের মঞ্চে জয় পায় বাংলাদেশ।
ওই আসরে ব্যাট ও উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন জ্যোতি। চার ইনিংসে করেন ১০৪ রান, সাথে ছিল গ্লাভস হাতে সাতটি ডিসমিসাল।
তবে সাম্প্রতিক সময়ে দলের ফল ও জ্যোতির ব্যাটিং ফর্ম নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর এশিয়া কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নেয় বাংলাদেশ।
ভারতের বিপক্ষে সেই সেমিফাইনালে হ্যান্ডশেক না করা নিয়েও তৈরি হয় আলোচনা। পরে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর সাথে জ্যোতির যোগাযোগের টানাপোড়েনের বিষয়টি সামনে আসে। সাবেক ক্রিকেটার জাহানারা আলমের ড্রেসিংরুমে দল পরিচালনা নিয়ে করা অভিযোগও এ সময় আলোচনায় ছিল।
এশিয়ান গেমসে আগামী ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এটিই জ্যোতির শেষ ম্যাচ হতে পারে। তবে ম্যাচটির ফল ও পরবর্তী পরিস্থিতির ওপর নেতৃত্বের সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তনের আলোচনা চলছে। প্রধান কোচ সারোয়ার ইমরানের পরিবর্তে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সাবেক প্রধান কোচ ডেভিড হেম্পকে দায়িত্ব দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।







